ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

পল্টন থেকে নর্থ সাউথ রোডের মূল সড়ক হকারমুক্ত ঘোষণা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:২৪ পিএম

রাজধানীর ব্যস্ততম পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত এলাকার মূল সড়কে এখন থেকে কোনো হকার বসতে পারবেন না। নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হকারমুক্ত ঘোষিত সড়কগুলো সরেজমিনে পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় তিনি পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম সরাসরি তদারকি করেন।


পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে বসলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তিনি বলেন, হকার সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। আলোচনায় তারাও স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। নগরবাসীর জন্য ফুটপাত ও সড়কে চলাচলের স্বস্তি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।


ডিএসসিসি প্রশাসক জানান, পুরো এলাকায় হকার বসার ওপর নিষেধাজ্ঞা থাকলেও রমনা ভবন সংলগ্ন পূর্বপাশের ফুটপাতে নির্দিষ্ট শর্তে হকারদের বসার সুযোগ থাকবে। তবে সেখানে সাধারণ মানুষের চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গা খালি রাখতে হবে। নির্ধারিত স্থানে, নির্দিষ্ট সময়ে এবং নিবন্ধিত নির্দিষ্টসংখ্যক হকারই কেবল নিয়ম মেনে ব্যবসা করতে পারবেন।


তিনি আরও বলেন, নির্ধারিত স্থান, সময় ও সংখ্যার বাইরে যত্রতত্র হকার বসে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার কোনো সুযোগ নেই। নিয়মের ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।


হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আবদুস সালাম বলেন, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনামা পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


পরিদর্শনের সময় ডিএসসিসি প্রশাসক এক ঘণ্টারও বেশি সময় ঘটনাস্থলে অবস্থান করেন। তিনি পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।


ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, মূল সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। নির্ধারিত নিয়ম মেনে হকারদের জন্য যে সুযোগ রাখা হয়েছে, তার বাইরে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করলে ব্যবস্থা নেওয়া হবে।


পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ডিএসসিসি প্রশাসকের ঘোষণার পর পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট ও নর্থ সাউথ রোডের মূল সড়কে হকার বসার বিষয়ে নতুন করে বিধিনিষেধ কার্যকর হলো। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত নিয়ম ভঙ্গ করে কেউ সড়ক দখল করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর