লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকায় চলন্ত ট্রেনের বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ওপর আটকে যায়। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে লালমনিরহাট থেকে উদ্ধারকারী ইঞ্জিন গিয়ে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তুষভান্ডার রেলস্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন তুষভান্ডার এলাকায় পৌঁছালে ইঞ্জিনের সঙ্গে থাকা বগিগুলো হঠাৎ বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ওপর থেমে যায়। এ সময় চালক বিষয়টি বুঝতে না পেরে ইঞ্জিন নিয়ে কিছুটা সামনে এগিয়ে যান। ফলে ট্রেনের বগিগুলো ক্রসিংয়ের ওপর আটকে থাকে।
বগিগুলো লেভেল ক্রসিং দখল করে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয়রা জানান, বগিগুলো ক্রসিংয়ের ওপর আটকে থাকায় পুরো সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয় শত শত যাত্রী ও যানবাহনকে। অনেকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকার কারণে বিকল্প পথে যাওয়ার চেষ্টা করেন।
তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল বলেন, ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ে আটকে থাকার খবর পাওয়ার পর লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়। উদ্ধারকারী ইঞ্জিনটি ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন বগিগুলো আবার ট্রেনের সঙ্গে যুক্ত করে। পরে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, ইঞ্জিন ও বগির সংযোগকারী হুকে যান্ত্রিক ত্রুটির কারণে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রায় এক ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর ট্রেনের বগিগুলো সরিয়ে নেওয়া হলে তুষভান্ডার লেভেল ক্রসিং দিয়ে পুনরায় যান চলাচল শুরু হয়।