ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,  ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে জাতীয় ইমাম সমিতির সম্মেলন অনুষ্ঠিত


  • আপলোড সময় : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৩৪ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ইমাম সমিতির উপজেলা শাখার উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সমাজে নৈতিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার পাশাপাশি মাদক, দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধে ইমামদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) তাড়াশ উপজেলা মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। জাতীয় ইমাম সমিতি তাড়াশ উপজেলা শাখার সভাপতি আবদুল ওহাবের সভাপতিত্বে সম্মেলনটি পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক। বক্তব্যে তিনি বলেন, ইমামরা সমাজের সম্মানিত ব্যক্তি। তাদের দিকনির্দেশনা ও ইতিবাচক ভূমিকার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব। ইমামদের নেতৃত্বে সামাজিকভাবে সচেতনতা বাড়লে মাদক, দুর্নীতি ও সন্ত্রাসের মতো অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে।

ভিপি আইনুল হক সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের মধ্যে শান্তি ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে ইমামদের ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, মসজিদ ও ধর্মীয় শিক্ষার সঙ্গে সম্পৃক্ত ইমামরা সাধারণ মানুষের কাছে সহজেই নৈতিক ও সামাজিক বার্তা পৌঁছে দিতে পারেন।


সম্মেলনে বক্তব্য দেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স,ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম, সদস্যসচিব রাজীব আহমেদ মাসুম এবং ইমাম মাওলানা আব্দুস সালাম।

বক্তারা সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জোরদার করার ক্ষেত্রে ইমামদের দায়িত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সামাজিক শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে ধর্মীয় নেতাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে তাড়াশ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা এবং জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং ইমামদের সামাজিক দায়িত্ব নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন মাওলানা শহিদুল ইসলাম। সম্মেলনে অংশ নেওয়া ইমাম ও আলেম-ওলামারা সমাজের মানুষের মধ্যে নৈতিক শিক্ষা, পারস্পরিক সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 


এ সম্পর্কিত আরো খবর