ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬,  ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ হলেন ডেভিড হ্যাম্প রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি: নৈতিক অবক্ষয় থেকে মুক্তির কোন উপায়? বিমান বিধ্বস্ত করে যাত্রীদের মারার চেষ্টা করেছিলেন পাইলট: নেতানিয়াহুর বিস্ফোরক মন্তব্য ডামি প্যানেল থেকে জিএস হওয়া সালাউদ্দিন আম্মারকে নিয়ে নতুন বিতর্ক জাতিসংঘ সফরে দেশের অধিকার ও অর্জন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সিন্ডিকেটের অনুমোদন না থাকায় ঢাবি হলে ফিরছে শেখ মুজিবুর রহমান নাম এবার লিটারে প্রায় ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন রাষ্ট্রপতি তিন সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে রেকর্ডের পাহাড় গড়ল ওয়েস্ট ইন্ডিজ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত বেড়ে ১৯৪৮

উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে জোর: ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা


  • আপলোড সময় : বুধবার ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:৫২ পিএম

দেশের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের পরিধি আরও বিস্তৃত করতে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর এক সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউজিসিতে আয়োজিত এই সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামসহ দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তাব্যক্তিরা অংশ নেন।


ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ভাষা কেন্দ্র স্থাপন, বিদ্যমান অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি, রিসোর্স ম্যাপিং এবং প্রয়োজনীয় জনবলের চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, খুব শীঘ্রই অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গেও ধারাবাহিক মতবিনিময় সভা করা হবে। তৃতীয় ভাষা নির্বাচনের ক্ষেত্রে আঞ্চলিক চাহিদা ও আন্তর্জাতিক শ্রমবাজারের গুরুত্বকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যউপাত্ত যাচাই-বাছাই করে রিসোর্স ম্যাপিংয়ের মাধ্যমে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য উপযোগী ভাষা নির্বাচনের প্রস্তাব করা হয়। পাশাপাশি নন-ক্রেডিট কোর্সের পাশাপাশি বিভাগভিত্তিক অন্তত একটি ভাষায় ক্রেডিট কোর্স চালুর বিষয়েও ঐকমত্য পোষণ করা হয়।


সভায় নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, বেকার যুবকদের জন্য ছয় মাস মেয়াদি বিশেষ ভাষা কোর্স চালু এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ভাষাশিক্ষক গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়। ইউজিসি সদস্য অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো তৃতীয় ভাষার প্রসার ঘটানো। দেশ ও বিদেশের শ্রমবাজারে নিজেদের যোগ্য করে তুলতে শিক্ষার্থীদের কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।


এছাড়া সভায় ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি, কারিকুলামে আধুনিক শিল্পখাতের সম্পৃক্ততা বৃদ্ধি এবং গবেষণার বাণিজ্যিকীকরণের জন্য তহবিল গঠনের প্রস্তাব উঠে আসে। বর্তমান শিল্পবাজারের যুগোপযোগী চাহিদা বিবেচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিকস, সাইবার সিকিউরিটি ও ডেটা সায়েন্সের মতো আধুনিক ও প্রযুক্তিগত বিষয়ে নতুন বিভাগ চালুর বিষয়েও আলোচনা করা হয়। বাংলাদেশকে উচ্চশিক্ষার আন্তর্জাতিক হাব বা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন জানান, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অফিস খোলার পাশাপাশি ‘স্টাডি ইন বাংলাদেশ’ নামের একটি বিশেষ পোর্টাল চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রাথমিকভাবে ২০টি অগ্রাধিকারপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা, আবাসন ও বৃত্তিসংক্রান্ত তথ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে।


এ সম্পর্কিত আরো খবর