ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০৫ অক্টোবর ২০২৬,  ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথে পিটিআইয়ের লংমার্চ শুরু নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে ব্যাপক বিক্ষোভ অর্থাভাবে বন্ধ চিকিৎসা: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ হাফেজ সোহানুর ঢাকার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর বারিধারায় গাড়িচাপায় শ্রমিক হত্যা: কিশোরের জামিন আবেদন নামঞ্জুর বহর আধুনিকায়নে ১০টি এয়ারবাস ক্রয়ে চুক্তি সই করছে বিমান উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জুনের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না: ঘালিবাফ প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

মোজাইক ফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত করল বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’


  • আপলোড সময় : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬ সময় : ৫:০৬ পিএম

কানাডার অন্যতম মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে বাংলাদেশের প্রশংসিত চলচ্চিত্র ‘রইদ’। উৎসবের এই আসরে সেরা অভিনেত্রীর সম্মানসহ মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছে সিনেমাটি। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই চলচ্চিত্রটির আন্তর্জাতিক এই অর্জনে পুরো টিম ও দেশের চলচ্চিত্রাঙ্গনে আনন্দের জোয়ার বইছে।


কানাডার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রইদ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নাজিফা তুষি। সিনেমাটিতে ‘সাদুর বউ’ চরিত্রে তার অনবদ্য ও প্রাণবন্ত অভিনয় আন্তর্জাতিক বিচারকদের নজর কেড়েছে। অভিনয়ের পাশাপাশি কারিগরি ও শৈল্পিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ উৎসবে সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা সংগীতের পুরস্কারও নিজেদের ঝুলিতে ভরেছে ‘রইদ’। তিন ক্যাটাগরিতে পুরস্কার অর্জনের এই আনন্দের খবর নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ কলাকুশলীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।


এদিকে, মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় করেছে নেপালের আলোচিত চলচ্চিত্র ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’, যা এর আগে বিশ্বখ্যাত কান উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে জুরি পুরস্কার অর্জন করেছিল। অন্যদিকে, আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’-এর সাফল্যের যাত্রা এটিই প্রথম নয়; এর আগে নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল সিনেমাটি। শুধু তাই নয়, বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার ধারাবাহিকতায় আসন্ন অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বা ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে অফিসিয়ালি জমা দেওয়া হয়েছে এই চলচ্চিত্রটি।


গ্রামীণ প্রেক্ষাপটের পটভূমিতে নির্মিত ‘রইদ’ সিনেমায় অ্যাডাম ও ইভের পৌরাণিক গল্পের আবহকে কাজে লাগিয়ে একটি রহস্যময় ও ভিন্নধর্মী উপাখ্যান ফুটিয়ে তুলেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। এতে নাজিফা তুষি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ একদল প্রতিভাবান শিল্পী। একের পর এক আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়ে ‘রইদ’ বর্তমানে বিশ্বমঞ্চে বাংলা চলচ্চিত্রের মুকুটে নতুন এক সাফল্যের ফলক যুক্ত করেছে।


এ সম্পর্কিত আরো খবর