ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,  ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সবচেয়ে বেশি অপমান, প্রাক্তনের কাছ থেকে কষ্ট পেয়েছি: পরীমনি


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৩:৪৬ পিএম

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে আলাপকালে নিজের অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে খোলামেলা নানা মন্তব্য করেন এই চিত্রনায়িকা।


সাক্ষাৎকারে জীবনের বিভিন্ন বাঁক ও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরীমনি স্পষ্ট জানান, শরীফুল রাজের সঙ্গে পরিণয় কিংবা জীবনের অন্য কোনো সিদ্ধান্তকেই তিনি কখনোই ‘ভুল’ বলে মনে করেন না। তাঁর মতে, জীবনের প্রতিটি ঘটনাই একেকটি অমূল্য অভিজ্ঞতা। তিনি উল্লেখ করেন, অতীতে অন্যান্য প্রাক্তনের সঙ্গে সম্পর্ক ভাঙার ক্ষেত্রে কখনোই কোনো অসৌজন্যমূলক পরিস্থিতি তৈরি হয়নি এবং আত্মসম্মানেও আঘাত লাগেনি। প্রতিটি ক্ষেত্রেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় ছিল, যার কারণে পরবর্তীতে মুখোমুখি হলেও কোনো ধরনের অস্বস্তি কাজ করে না।


তবে সাবেক স্বামী শরীফুল রাজের সঙ্গে সম্পর্কের সমীকরণটি সম্পূর্ণ ভিন্ন ও বেদনাদায়ক ছিল বলে মন্তব্য করেন এই তারকা। গভীর আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, যাঁর কাছ থেকে জীবনের সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার প্রত্যাশা ছিল, উল্টো সেই প্রাক্তনের কাছ থেকেই তাঁকে জীবনের সবচেয়ে বড় অপমানের শিকার হতে হয়েছে। পরীমনির বিশ্বাস, তাঁদের বিচ্ছেদ প্রক্রিয়াটি আরও অনেক বেশি মার্জিত ও সম্মানজনক হতে পারত।


উল্লেখ্য, ২০২১ সালে পরিণয়সূত্রে আবদ্ধ হওয়ার পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে পথ আলাদা করেন শরীফুল রাজ ও পরীমনি। বিচ্ছেদের পর দীর্ঘ সময় ধরে একমাত্র ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে নিজের স্নেহে একা লালন-পালন করে আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী। এর পাশাপাশি পরবর্তীতে সাফিরা সুলতানা প্রিয়ম নামের একটি কন্যাসন্তানও দত্তক নেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর