স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এক অনন্য নজির স্থাপন করলেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার নিজ শরীরে রক্তদানের মাধ্যমে তিনি ২০২৬ সালের বার্ষিক জাতীয় রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এই মানবিক উদ্যোগের মূল লক্ষ্য হলো জরুরি রোগী, ক্যানসার আক্রান্ত ও রক্তজনিত জটিলতায় ভোগা মানুষের চিকিৎসায় নিরাপদ রক্তের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা।
সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে। এর আগে ২০২৫ সালের জাতীয় রক্তদান কর্মসূচিতে রেকর্ডসংখ্যক মানুষ অংশ নেন, যেখানে ৬৫ হাজারের বেশি মানুষ রক্তদান করেছিলেন এবং তাদের ৮৫ শতাংশের বেশি ছিলেন প্রথমবারের মতো রক্তদাতা। ওই সময় কর্মসূচির মাধ্যমে ৬৩ হাজারেরও বেশি ইউনিট রক্ত, ১০ হাজার ইউনিট প্লাটিলেট ও ১০ হাজার ইউনিট প্লাজমা সংগ্রহ করা হয়েছিল। এছাড়া সামগ্রিকভাবে ওই বছর দেশটিতে রক্তদাতার মোট সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গিয়েছিল।
সৌদি সরকারের স্বাস্থ্য খাতের রূপান্তর কর্মসূচি এবং দূরদর্শী ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে নিয়মিত রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণ আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়েছে।
সূত্র: আরব নিউজ ও সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)