ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬,  ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজে বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতি প্রতিমন্ত্রীর আহ্বান জামিন পেলেন না এমপি গাজী নজরুল ইসলাম রসায়নে নোবেল জিতলেন ফ্রান্সের কাগান ও জাপানের সোয়াই ওকিনাওয়ায় জাপানি নারী হত্যার জেরে মার্কিন সেনাদের ওপর নিষেধাজ্ঞা ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা! শাপলা চত্বর গণহত্যায় শেখ হাসিনাসহ ৪১ আসামির শুনানি পেছাল তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগুন ও প্রিয়াংকার নতুন গান

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা!


  • আপলোড সময় : বুধবার ০৭ অক্টোবর, ২০২৬ সময় : ৫:১২ পিএম

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে ঝিনাইদহে। এ ঘটনার পর পুরো জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্দুর রহমান সম্রাট নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে এবং ঘটনা তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।


স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ব্যস্ততম সড়কদ্বীপে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের মাথায় রশি দিয়ে বাঁধা জুতার মালা ঝোলানো দেখতে পান পথচারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অবমাননাকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। পরবর্তীতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাস্কর্য থেকে জুতার মালাটি অপসারিত করেন এবং এলাকা পরিষ্কার করেন।


এই ঘটনার পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান কামাল, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাগ্নেসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বীরশ্রেষ্ঠের ভাস্কর্য অবমাননার তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।


গ্রেপ্তারকৃত আব্দুর রহমান সম্রাট ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চননগর মহল্লার মৃত শাহাদাত হোসেনের ছেলে। পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ঘটনার নেপথ্যে কোনো উসকানি বা সংঘটিত চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের সাঁড়াশি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ভাস্কর্যটি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ ও অরক্ষিত অবস্থায় পড়ে থাকার কারণেই দুষ্কৃতকারীরা এমন ধৃষ্টতা দেখানোর সুযোগ পেয়েছে। তারা অবিলম্বে ভাস্কর্যের কাজ সম্পন্ন এবং এর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর