রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ১ নভেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল এই দিন নির্ধারণ করেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। নির্ধারিত দিনে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী আদালতের কাছে সময় প্রার্থনা করেন। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত কৌঁসুলিরা এতে কোনো আপত্তি না জানানোয় ট্রাইব্যুনাল শুনানির জন্য আগামী ১ নভেম্বর নির্ধারণ করেন। এ সময় প্রসিকিউশনের পক্ষে আবদুস সোবহান তরফদার, ফারুক আহাম্মদ, জহিরুল আমিন ও মঈনুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ মামলার শুনানিতে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শামসুল হক টুকু, ড. আব্দুর রাজ্জাক, ডা. দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপাসহ গ্রেপ্তার হওয়া ১১ জন আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। এছাড়া শেখ হাসিনা ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ বাকি ৩০ জন পলাতক আসামির পক্ষে এর আগে সরকারি খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছে।
এর আগে গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। মামলার প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিষয়টি এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে।