হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরের উত্তর বাজারে অবস্থিত ‘জননী এন্টারপ্রাইজ’ নামের একটি এলপিজি ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং অনুমোদিত সীমার অতিরিক্ত এলপিজি সিলিন্ডার মজুদের অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে চুনারুঘাট উপজেলার উত্তর বাজারে অবস্থিত জননী এন্টারপ্রাইজে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি বিক্রয়, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং পূর্বের লাইসেন্সে অনুমোদিত সীমার অতিরিক্ত গ্যাস মজুদের নানা অসামঞ্জস্যতা পাওয়া যায়। তবে ভ্রাম্যমাণ আদালত ডিলার প্রতিষ্ঠানের ক্রয় রশিদ যাচাই করতে গিয়ে দেখতে পান যে, পাইকারি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সেনা’ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ওই ডিলারের নিকট এলপিজি সিলিন্ডার বিক্রি করেছে।
পরবর্তীতে, উপর্যুক্ত অপরাধসমূহ আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল লতিফকে (পিতা: আব্দুল ছোবহান, সাং: মাঝিশাইল) ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের লাইসেন্স দ্রুত নবায়ন করা, এলপিজি মজুদের অনুমোদিত সীমা বৃদ্ধি করা, নিয়মিত ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং কঠোরভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব ও জনস্বার্থে চুনারুঘাট উপজেলার সর্বত্র অধিক দামে এলপিজি বিক্রয় এবং অবৈধ মজুদের বিরুদ্ধে প্রশাসনের এই মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।