ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬,  ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হলের নবম তলা থেকে ঝাঁপ দিলেন ঢাবি শিক্ষার্থী, অতঃপর... আইরিশ কোচের গায়ে থুতু দেওয়ার অভিযোগ ইসরায়েলি ফুটবলারের বিরুদ্ধে ফ্লাইদুবাই হামলা: সহ-পাইলটের অস্ট্রেলিয়া সংযোগ খতিয়ে দেখছে পুলিশ নতুন পে স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ শারদীয় দুর্গোৎসবে সুখবর: মিলছে টানা পাঁচ দিনের ছুটি শহীদ সেনার মরদেহবাহী অ্যাম্বুলেন্সের মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৪ প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোট অর্থহীন: দীপকে গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ বা ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী শিক্ষকরা আমৃত্যু রাষ্ট্রের কাছে অত্যন্ত সম্মানীয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় উত্তেজনা, জনতার ইটপাটকেলে ওসি আহত

বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যার হুমকি, বাড়িতে ভাঙচুর


অবসরপ্রাপ্ত শিক্ষক নিরোধ চন্দ্র দত্ত

  • আপলোড সময় : সোমবার ০৫ অক্টোবর, ২০২৬ সময় : ৫:৫৭ পিএম

পবিত্র বিশ্ব শিক্ষক দিবসের প্রাক্কালে হবিগঞ্জের মাধবপুরে এক অমানবিক ও নিন্দনীয় ঘটনা ঘটেছে। এলাকার বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ৮০ বছর বয়সী এক প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল বিপথগামী কিশোর। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী শিক্ষক ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।


ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, গত রবিবার (৪ অক্টোবর) গভীর রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক নিরোধ চন্দ্র দত্তের (৮০) বাড়িতে এই হামলা চালানো হয়। রাত আনুমানিক আটটার দিকে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়ির ভেতরে প্রবেশের অপচেষ্টা চালায়। তবে মূল গেট বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রান্নাঘরের টিনের চালে উপর্যুপরি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এই হামলায় রান্নাঘরের টিনের চাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার আনুমানিক আর্থিক ক্ষতি প্রায় ৪০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


ভুক্তভোগী শিক্ষক নিরোধ চন্দ্র দত্ত জানান, ওই বখাটে কিশোররা অতীতেও এলাকায় চুরি, ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল। তিনি একজন সচেতন নাগরিক ও শিক্ষক হিসেবে এসব অনিয়মের প্রতিবাদ করায় তারা দীর্ঘদিন ধরে তাঁকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। রাতের বেলা আকস্মিক এই হামলার শব্দ শুনে প্রবীণ শিক্ষক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় শিক্ষক নিরোধ চন্দ্র দত্ত ও তাঁর পরিবারের সদস্যদের রাস্তাঘাটে পেলে প্রাণে মেরে ফেলার প্রকাশ্য হুমকি দেয়।


এই ন্যক্কারজনক ঘটনার পর থেকে অত্যন্ত আতঙ্কিত ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন ওই শিক্ষক ও তাঁর পরিবার। সমাজের একজন বয়োজেষ্ঠ ও শ্রদ্ধেয় ব্যক্তির ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। যেন ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


এদিকে, এই অনভিপ্রেত ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক নিরোধ চন্দ্র দত্ত নিজে বাদী হয়ে সোমবার (৫ অক্টোবর) দুপুরে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা গণমাধ্যমকে জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং দ্রুত আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এ সম্পর্কিত আরো খবর