সাইকেল চালকদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব যাতায়াতব্যবস্থাকে জনপ্রিয় করে তুলতে চট্টগ্রামে দেশের প্রথম আধুনিক সাইকেল ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পতেঙ্গায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন সড়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঐতিহাসিক ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে দেশের নগর উন্নয়ন ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "সাইকেল চালানো শুধু বিনোদনের বিষয় নয়, বহু মানুষ প্রতিদিন সাইকেলে চড়ে অফিসে যাতায়াত ও দৈনন্দিন কাজ সম্পন্ন করেন। এগুলো কোনো বিলাসিতা নয়, বরং একটি সভ্য ও উন্নত দেশে সাধারণ নাগরিকের মৌলিক চাহিদা। অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি, তার অংশ হিসেবেই এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।" তিনি আরও জানান, চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে আরও সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে। পাশাপাশি নগরবাসীর শরীরচর্চা ও প্রাতঃভ্রমণের সুবিধার্থে খালের দুই পাশে হাঁটার পথ বা ওয়াকওয়ে নির্মাণের ওপর বিশেষ জোর দেন তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় নির্মিত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকের দুই পাশে নান্দনিক ফুলের গাছ লাগিয়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। এর ফলে দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয় নগরবাসীর জন্য একটি নিরাপদ ও পরিবেশবান্ধব পরিবেশ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এবং চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।