ইরানের জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি আশা প্রকাশ করেছেন যে, ইমাম মাহদির দোয়া ও আশীর্বাদে দেশের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা রক্ষায় পুলিশ বাহিনী আগামী দিনে আরও বড় সাফল্যের স্বাক্ষর রাখবে। শুক্রবার (৯ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই বার্তা প্রকাশিত হয়।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া বিশেষ এক বার্তায় খামেনি দেশের বিভিন্ন প্রান্তে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের অতুলনীয় সাহস, আত্মত্যাগ ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রাজধানীসহ বড় বড় শহর, দুর্গম সীমান্ত, পাহাড়, সমুদ্র ও বনাঞ্চলজুড়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বহুমুখী হামলার হুমকির মুখেও পুলিশ সদস্যরা নিজেদের পেশাগত দায়িত্ব থেকে একচুলও পিছপা হননি বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনকারী বাণিজ্যিক জাহাজগুলোর বিরুদ্ধে নিয়মিত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বার্তায় গুরুত্ব পায়।
পুলিশ বাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করতে উন্নত জনবল, আধুনিক সরঞ্জাম এবং বিশেষ করে তথ্য বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পরিকল্পিত ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়েছেন খামেনি। পরিশেষে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও মর্যাদা বাড়াতে পুলিশ বাহিনীর প্রধানসহ সকল সদস্যের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তাদের অব্যাহত সাফল্য কামনা করেন তিনি।
সূত্র: তাসনিম নিউজ