ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,  ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আকাশপথ: রিয়াদের ৬০ শতাংশ ফ্লাইট বাতিল


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ৭:৪৪ পিএম

ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠীর পরপর দুই দিনের ভয়াবহ ও প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে তীব্র অচলাবস্থা তৈরি হয়েছে। এই নিরাপত্তা সংকটের জেরে সোমবার (১২ অক্টোবর) বিমানবন্দরটির নির্ধারিত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের অন্তত ৬০ শতাংশ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পর্যবেক্ষণ ও বিশ্লেষণকারী শীর্ষ সংস্থা ‘কিরিয়াম’ (Cirium)-এর হালনাগাদ তথ্য পর্যালোচনা করে এই উদ্বেগের চিত্র উঠে এসেছে।


আন্তর্জাতিক সিভিল এভিয়েশন মনিটরিং সংস্থার প্রতিবেদন অনুযায়ী, শনিবার ও রোববার রিয়াদের বিমানবন্দরে হামলা চালানোর পর গত রোববারই নির্ধারিত মোট নির্ধারিত সূচির প্রায় ৯৯ দশমিক ৭ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় যাত্রী নিরাপত্তা ও কৌশলগত ঝুঁকি বিবেচনায় সোমবারও ৬০ শতাংশ নির্ধারিত ফ্লাইট বাতিল রাখা হয়। উল্লেখ্য, কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলায় অন্তত ১২ জন প্রাণ হারান এবং তিন শতাধিক মানুষ আহত হন। আর রোববারের দ্বিতীয় দফা হামলায় আরও একজন নিহত এবং অন্তত ১১ জন সাধারণ নাগরিক গুরুতর আহত হয়েছেন।


একই সময়ে পূর্বাঞ্চলীয় প্রদেশের প্রধান শিল্পশহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে দাম্মাম বিমানবন্দরে সংঘটিত সেই হামলার ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (গাকা)। এদিকে টেলিভিশন ভাষণে এসব হামলার অফিশিয়াল দায় স্বীকার করে হুথিদের শীর্ষ সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী হুঁশিয়ারি দিয়েছেন, ইয়েমেনি ভূখণ্ডে সৌদির বিমান হামলার বদলা নিতে আগামীতে আরও কঠিন আক্রমণ চালানো হবে। এতে করে আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।


এ সম্পর্কিত আরো খবর