ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান সব ওয়াসা থেকে বোর্ড তুলে নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী কেন্দ্র থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের ভোটগ্রহণ: সিইসি ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয়

জার্মান সাংবাদিককে ভিসা না দেওয়ায় ইসরায়েলের তীব্র সমালোচনা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ৯:০৬ এএম

জার্মানির রাজধানী বার্লিনভিত্তিক প্রভাবশালী দৈনিক 'টাজ' (taz)-এর এক নারী সাংবাদিককে কাজের ভিসা না দেওয়া এবং দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করায় ইসরায়েল সরকারের তীব্র সমালোচনা করা হয়েছে। সংবাদপত্রটি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ বছর ধরে ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড থেকে প্রতিবেদন তৈরি করে আসা এবং ২০২৬ সালের জুন থেকে অফিসিয়াল প্রতিনিধি হিসেবে নিযুক্ত সাংবাদিক সেরেনা বিলানসেরির ওপর এই নিষেধাজ্ঞা সংবাদপত্রের স্বাধীনতার চরম লঙ্ঘন।


সংবাদপত্রটি তাদের বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছে, "ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এর মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূল্যবোধ থেকে সরে আসছে। সাধারণ অর্থে কেবল স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাতেই এ ধরনের পদক্ষেপ দেখতে অভ্যস্ত আমরা।" 'টাজ'-এর তথ্য অনুযায়ী, গত বছর তেল আবিব বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির নামে বিলানসেরির ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয় এবং পরবর্তীতে সেটি ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেরত দেওয়া হয়। তবে তাকে কোনো সুস্পষ্ট কারণ দর্শানো হয়নি।


ইসরায়েল ন্যাশনাল নিউজের বরাত দিয়ে জানা গেছে, ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ সেরেনা বিলানসেরির বিরুদ্ধে একটি অভিযোগ তুলেছে। তাদের দাবি, ২০২৫ সালের সেপ্টেম্বর ও নভেম্বর মাসে প্রকাশিত দুটি নিবন্ধে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন এবং গাজা উপত্যকার মানবিক সংকট নিয়ে আলোচনার পাশাপাশি বিলানসেরি ইসরায়েলের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছিলেন। তবে এই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে 'টাজ' সম্পাদনা পর্ষদ এবং খোদ সাংবাদিক বিলানসেরি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "আমি কখনই ইসরায়েল বয়কটের কথা বলিনি। একজন সাংবাদিক হিসেবে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা ও গাজার মানবিক সংকট নিয়ে বৈধ সমালোচনা করা ও মতামত প্রকাশ করা আমার কাজের অংশ। যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা কোনো ‘ইসরায়েলবিরোধী’ ব্যক্তিকে নিষিদ্ধ করেননি, বরং সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করা একজন আন্তর্জাতিক সাংবাদিককে নিষিদ্ধ করেছেন।"

উল্লেখ্য, ২০২৫ সালের পর থেকে বিলানসেরিই প্রথম আন্তর্জাতিক সাংবাদিক নন যিনি ইসরায়েলে প্রবেশে বাধার মুখে পড়েছেন। তাঁর আগে ফরাসি সাংবাদিক অ্যালিস ফ্রুসার্ড, স্প্যানিশ সাংবাদিক ক্বেরাল্ট ক্যাস্তিয়ো, ফরাসি ফটোসাংবাদিক ফ্রেডেরিক ল্য ব্রুন এবং ইতালীয় সাংবাদিক আলেকসান্দ্রো স্টেফানেল্লিকেও একইভাবে প্রবেশাধিকার দেওয়া হয়নি। ইউরোপীয় ও জার্মান গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বিষয়টি নিয়ে ইসরায়েল সরকারের সঙ্গে কথা বলতে জার্মান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংবাদপত্রটি।


এ সম্পর্কিত আরো খবর