মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের সেরা স্বীকৃতি পেলেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য এই অলরাউন্ডারকে দলে রেখে দিয়েছে হোবার্ট হারিকেন্স।
অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগের আসন্ন আসরে আবারও হোবার্টের বেগুনী জার্সিতে স্পিন ঘুরাবেন তিনি। এবার বোলিং আক্রমণে তার সঙ্গী হিসেবে থাকছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের অভিজ্ঞ লেগস্পিনার অ্যাডাম জাম্পা। গত মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে অসাধারণ পারফর্ম করেছিলেন এই বাংলাদেশি তরুণ। বিগ ব্যাশে নিজের অভিষেক আসরেই দারুণ বোলিংয়ে শিকার করেছিলেন ১৫টি গুরুত্বপূর্ণ উইকেট।
বিগ ব্যাশে ওভারপ্রতি রান নিয়ন্ত্রণের পাশাপাশি ২০.৮৬ গড়ে উইকেট তুলে নিয়ে নজর কাড়েন তিনি। চমৎকার এই নৈপুণ্যের মধ্য দিয়েই জিতে নেন ক্লাবের সেরা খেলোয়াড়ের সম্মানজনক পুরস্কার।
রিশাদের এমন ধারাবাহিকতায় মুগ্ধ হোবার্ট ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। দলটির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান সালিয়ান বিমস জানান, গত মৌসুমে রিশাদ তাদের দলের হয়ে অভাবনীয় খেলা উপহার দিয়েছেন। প্রথমবার বিগ ব্যাশে খেলতে এসেই প্রতিটি ম্যাচে মূল একাদশে জায়গা করে নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তার দক্ষতা ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রমাণ দেয়।
বিগ ব্যাশের ১৪তম আসরের ড্রাফটে রিশাদকে প্রথমবার পছন্দ করে দলে নিয়েছিল হোবার্ট। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির ব্যস্ততার কারণে সেবার তার অংশগ্রহণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে ১৫তম আসরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অভিষেক ঘটে তার।
উল্লেখ্য, বিগ ব্যাশের নতুন মৌসুম মাঠে গড়াবে আগামী ১২ ডিসেম্বর থেকে। তবে ১৭ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করবে রিশাদের দল হোবার্ট হারিকেন্স।