ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,  ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বেতন বাড়লেও ভাতা আগের হারেই থাকছে সরকারি কর্মচারীদের


  • আপলোড সময় : সোমবার ১৯ অক্টোবর, ২০২৬ সময় : ৭:০৩ পিএম

নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকরের প্রক্রিয়া শুরু হলেও আপাতত আগের হারেই ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। চলতি বছরের ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হতো, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেই হারেই ভাতা অব্যাহত থাকবে। তবে চলতি মাসের শেষ দিকে নতুন বেতনকাঠামো অনুযায়ী বর্ধিত মূল বেতন হাতে পাওয়ার কথা রয়েছে সরকারি চাকরিজীবীদের।


সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একই নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত নতুন মূল বেতন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হার অনুযায়ী ভাতা দেওয়া হবে। অর্থাৎ নতুন বেতনকাঠামো চালু হলেও আপাতত ভাতার হার পরিবর্তন হচ্ছে না। পরবর্তী আদেশ জারি হলে এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।


নতুন বেতনকাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১৯ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তখনই জানানো হয়েছিল, মূল বেতন ও ভাতা বাস্তবায়নের ক্ষেত্রে পর্যায়ক্রমে সমন্বয় করা হবে।


নতুন বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্ধিত বেতন-ভাতা একবারে বাস্তবায়ন না করে ২০২৬-২৭ ও ২০২৭-২৮—এই দুই অর্থবছরে ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে মূল বেতন বাস্তবায়নের কথা রয়েছে। অন্যদিকে নতুন হারে ভাতা কার্যকর হওয়ার কথা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।


এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের কাজও চলছে। সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা (আইবাস প্লাস প্লাস)-এর মাধ্যমে গত ৫ অক্টোবর থেকে কর্মচারীরা নতুন বেতন নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য পূরণ করছেন। অনলাইনে চলমান এ প্রক্রিয়া মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে।


অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত মূল বেতন পেতে পারেন। নতুন বেতন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দও রাখা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।


নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়লেও ভাতার ক্ষেত্রে আপাতত আগের নিয়মই বহাল থাকছে। ফলে বর্ধিত মূল বেতন হাতে পেলেও বাড়তি ভাতার জন্য তাঁদের অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত, যদি এর আগে নতুন কোনো নির্দেশনা জারি না হয়।


এ সম্পর্কিত আরো খবর