রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ডিম্বাকৃতির ছয়টি সোনার পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। প্রাথমিক পরিমাপ ও পরীক্ষায় এসব বস্তুর মোট ওজন পাওয়া গেছে ২ কেজি ৭৩৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জানান, গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের 'বিএস৩৩৮' নম্বর ফ্লাইটে ঢাকায় এসে নামেন মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমদ নামের ওই দুই যাত্রী। বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতিতে তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে স্ক্যানিং ও নিবিড় তল্লাশির মাধ্যমে তাদের দুজনের পায়ুপথে বিশেষভাবে লুকিয়ে রাখা তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির সাদা কসটেপে মোড়ানো সোনা পেস্টের প্যাকেট উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া এই বস্তুগুলোর প্রাথমিক ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম ধরা হলেও এর মধ্যে ঠিক কতটুকু শতভাগ খাঁটি ও বিশুদ্ধ সোনা বিদ্যমান রয়েছে, তা রাসায়নিক পরীক্ষার পর সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা সম্ভব হবে।