বিশ্বকে চমকে দিয়ে মহাশূন্য থেকে যেকোনো মুহূর্তে যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম এক অভিনব মহাকাশযান ব্যবস্থা নিয়ে গবেষণা সম্পন্ন করেছেন চীনের বিজ্ঞানীরা। শিয়ানভিত্তিক নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির স্কুল অব অ্যাস্ট্রোনটিকসের গবেষক দু চংরুই ও তার দলের এই গবেষণা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রকাশিত প্রতিবেদ অনুযায়ী, কক্ষপথে ৪০টি পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের একটি শক্তিশালী বলয় বা ‘অরবিটাল কনস্টেলেশন’ স্থাপন করা সম্ভব হলে এই অভূতপূর্ব সামরিক ও কৌশলগত সক্ষমতা অর্জন করা যাবে।
কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, কক্ষপথে অবস্থানরত এই ৪০টি মহাকাশযানের যেকোনো একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে যাত্রা শুরু করার জন্য সর্বোচ্চ মাত্র আড়াই মিনিট অপেক্ষা করতে হবে। বিশ্বের অধিকাংশ জনবসতিপূর্ণ অঞ্চলের ক্ষেত্রে এই অপেক্ষার সময় মাত্র এক মিনিটে নামিয়ে আনা সম্ভব। তবে গবেষকরা স্পষ্ট করেছেন যে, এই এক থেকে আড়াই মিনিট হলো মহাকাশযানের গন্তব্যে পৌঁছানোর মোট সময় নয়; বরং কক্ষপথ থেকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে নেমে আসার উপযুক্ত মুহূর্তটির জন্য অপেক্ষা করার সময় মাত্র।
যদিও চীনা গবেষকদের দাবি, এই প্রযুক্তি দ্রুত পরিবহন ব্যবস্থা এবং যেকোনো জরুরি প্রাকৃতিক দুর্যোগ বা সংকটে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। তবে এর সামরিক তাৎপর্য ও সম্ভাব্য আক্রমণাত্মক ব্যবহার নিয়ে পশ্চিমা বিশ্বে ইতোমধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে। আগে থেকেই কক্ষপথে প্রস্তুত থাকা এসব যান কোনো নির্দেশ পাওয়ার সাথে সাথেই পৃথিবীর যেকোনো প্রান্তে আঘাত হানতে শুরু করলে শত্রুপক্ষের জন্য তা শনাক্ত করা বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সময় অত্যন্ত সীমিত হয়ে পড়বে।
এই প্রযুক্তির পেছনের বাস্তব ভিত্তি হিসেবে চীনের পরীক্ষামূলক পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান ‘শেনলং’-এর কথাও উঠে এসেছে প্রতিবেদনে। ২০২০ সাল থেকে চীন এ পর্যন্ত চারটি মহাকাশ মিশন পরিচালনা করেছে, যার সর্বশেষটি উৎক্ষেপণ করা হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এর আগে গত ২৬ অক্টোবর মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিআইএ প্রকাশিত একটি স্যাটেলাইট চিত্রে কক্ষপথে শেনলংয়ের মতো একটি রহস্যময় মহাকাশযানের দেখা মেলে। ২০২৪ সালের ২৮ মে ম্যাক্সার টেকনোলজিসের ওয়ার্ল্ডভিউ-৩ বাণিজ্যিক স্যাটেলাইট দ্বারা তোলা ওই ছবিতে যানটির পণ্য রাখার দরজা খোলা অবস্থায় দেখা যায়। মার্কিন সামরিক বাহিনীর চালকবিহীন ও পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান ‘বোয়িং এক্স-৩৭বি’-এর সঙ্গে এই যানের বাহ্যিক মিল রয়েছে। তবে বেইজিং কিংবা ডিআইএ—কেউই ছবিটিতে থাকা যানটি শেনলং কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করেনি। চীন সবসময় তাদের এই মহাকাশ কর্মসূচিকে শান্তিপূর্ণ ও ব্যয়সাশ্রয়ী মহাকাশ যাতায়াতের মাধ্যম হিসেবে দাবি করে আসলেও, এই নতুন গবেষণা বিশ্বজুড়ে নতুন করে ভূ-রাজনৈতিক সমীকরণ ও উদ্বেগের জন্ম দিয়েছে।