স্থাপত্যশৈলী ও আধুনিক প্রকৌশলের অনন্য নিদর্শন সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার আরও দুটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের ভেতরে অবস্থিত জাদুঘর এবং সর্বোচ্চ উচ্চতায় থাকা উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি লাভ করেছে স্থাপনাটি। মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন বা রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হলি সাইটস আনুষ্ঠানিকভাবে এই দুটি বিশ্ব রেকর্ডের সনদ গ্রহণ করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৫ জানুয়ারি এই রেকর্ড দুটি অর্জিত হয় এবং ১৭ নভেম্বর সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তা প্রকাশ করা হয়।
নতুন এই স্বীকৃতির পেছনে রয়েছে টাওয়ারটির বিস্ময়কর উচ্চতা ও আধুনিক সুযোগ-সুবিধা। গিনেস কর্তৃপক্ষের পরিমাপ অনুযায়ী, ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত, যা কোনো ভবনের ভেতরে থাকা বিশ্বের সর্বোচ্চ জাদুঘর। অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার। এই সুউচ্চ পর্যবেক্ষণ ডেক থেকে দর্শনার্থীরা পবিত্র মসজিদুল হারাম এবং এর আশপাশের মক্কা নগরীর অপূর্ব ও বিস্তৃত দৃশ্য উপভোগ করার সুযোগ পান। জাদুঘরের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ভূপৃষ্ঠ থেকে নিকটতম মিলিমিটার পর্যন্ত নিখুঁত হিসাব বিবেচনায় নিয়েছে। তাদের সংজ্ঞা অনুযায়ী, জাদুঘর হলো এমন একটি স্থান, যেখানে জনসাধারণের শিক্ষা ও সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য ঐতিহাসিক ও বৈজ্ঞানিক নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা হয়।
২০১৯ সালের মে মাসে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ক্লক টাওয়ার জাদুঘরটি। টাওয়ারের সর্বোচ্চ চারটি তলায় বিস্তৃত এই আধুনিক জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার প্রাচীন ও আধুনিক ইতিহাস, মক্কার সমৃদ্ধ ঐতিহ্য এবং বিশাল এই ঘড়িটির বিস্ময়কর নির্মাণ ও প্রকৌশল প্রযুক্তি তুলে ধরা হয়েছে। এখানে আগত দর্শনার্থী ও হজ-ওমরাহ পালনকারীরা জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্রপাতির বিবর্তন এবং ইসলামী বর্ষপঞ্জির মাস শুরুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন চাঁদ বা হিলাল পর্যবেক্ষণে এসব যন্ত্রের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
উল্লেখ্য, ৬০১ মিটার উচ্চতার মক্কা ক্লক টাওয়ারের নির্মাণকাজ সম্পন্ন হয় ২০১২ সালে। পবিত্র মসজিদুল হারামের ঠিক পাশেই অবস্থিত সাতটি সুউচ্চ টাওয়ার নিয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের মূল অংশ এটি, যা নির্মাণ করেছে সৌদি বিনলাদিন গ্রুপ। ঘড়ির ওপরে থাকা ৭১ মিটার উচ্চতার চূড়াসহ টাওয়ারটির মোট উচ্চতা ৬০১ মিটার। টাওয়ারটির চারদিকে রয়েছে চারটি অভিন্ন বিশাল ঘড়ির ডায়াল, যার প্রতিটির ব্যাস ৪৩ মিটার। আকারের দিক থেকে এটি লন্ডনের বিখ্যাত এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের ব্যাসের প্রায় ছয় গুণ বড়। এর আগে ২০১১ সালের ২৮ নভেম্বর ঘড়ির ডায়ালের বিশালত্বের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছিল স্থাপনাটি। নতুন এই দুটি স্বীকৃতি যুক্ত হওয়ায় মক্কা ক্লক টাওয়ারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সংখ্যা দাঁড়াল অন্তত পাঁচটিতে। এর আগে বিশ্বের সবচেয়ে উঁচু ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় স্থাপিত ঘড়ির ডায়ালের বিশ্ব রেকর্ডও নিজের দখলে রেখেছিল ঐতিহাসিক এই স্থাপনাটি। সূত্র: আরব নিউজ ও গালফ নিউজ।