নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদন ও প্রয়োজনীয় সনদ ছাড়াই বিভিন্ন ধরনের মশার কয়েল উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার দায়ে দুই প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার মিজমিজি, সিদ্ধিরগঞ্জ এলাকায় জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের সমন্বয়ে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, সালেহা ট্রেডিং, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ নামের মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মানসনদ ও পণ্য মোড়কজাত সনদ গ্রহণ না করে বিভিন্ন ধরনের মশার কয়েল প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করছিল। এ অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আরও ৫০ হাজার টাকা, মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, আর জে প্রোডাক্টস, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-কে প্রস্তুতকারক ও মোড়কজাতকারী এবং ইশিকা এন্টারপ্রাইজ, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-কে বাজারজাতকারী হিসেবে চিহ্নিত করা হয়। প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় পণ্য মোড়কজাত সনদ গ্রহণ না করে বিভিন্ন মশার কয়েল প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমীন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের কর্মকর্তা মোঃ ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার (সিএম)। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট) এবং মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট)।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং ওজন ও পরিমাপের ক্ষেত্রে কারচুপি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।