মোহাম্মদ বাকী অনিক, কুমিল্লা প্রতিনিধি
ব্যস্ততম সড়কের সংযোগস্থলে অপরিকল্পিতভাবে ফেলে রাখা অতিরিক্ত স্ল্যাব এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে কুমিল্লা নগরীর রানীর বাজার এলাকার বাসিন্দাদের জন্য। আসন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে যেখানে নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা থাকার কথা, সেখানে উল্টো ড্রেনের ওপর স্তূপ করে রাখা স্ল্যাবের কারণে তৈরি হয়েছে চরম জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীরা।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর রানীর বাজার তালপুকুরের গলির মুখে ড্রেনের ওপর বেশ কিছু অতিরিক্ত স্ল্যাব অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছে। ব্যস্ত এই গলির প্রবেশমুখে এভাবে স্ল্যাব ফেলে রাখায় সাধারণ পথচারীদের হাঁটাচলা করতে গিয়ে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের জন্য এই অংশটুকু পার হওয়া রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, আর মাত্র চার-পাঁচ দিন পরই রানীর বাজার রাম ঠাকুরের আশ্রমে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হতে যাচ্ছে। এই বৃহৎ ধর্মীয় উৎসব ও মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর আগমন ঘটবে এই এলাকায়। মেলা বসার কারণে স্বভাবতই রাস্তার পাশে মানুষের ব্যাপক ভিড় জমবে। এমন জনসমাগমের মধ্যে গলির মুখে অতিরিক্ত স্ল্যাব পড়ে থাকলে যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
সড়কটির এমন বেহাল অবস্থার কারণে কেবল পথচারীরাই নন, বরং চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরাও। স্থানীয় সূত্রে জানা যায়, গলির মুখ সরু হয়ে যাওয়ায় বিশেষ করে রিকশা, মোটরসাইকেল ও অন্যান্য ছোট যানবাহনের চালকদের চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। একটু অসাবধান হলেই স্ল্যাবের সঙ্গে ধাক্কা লেগে যানবাহন উল্টে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ব্যস্ত এই সড়কে চলাচল করতে গিয়ে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হচ্ছে না। দ্রুত এই অতিরিক্ত স্ল্যাব অপসারণ ও সড়কটি সংস্কার করা না হলে সামনের দিনগুলোতে চলাচলের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠবে। আসন্ন রাস উৎসবের আগেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর প্রত্যাশা, নগর কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে সড়কটি পরিদর্শন করবে এবং অপ্রয়োজনীয় স্ল্যাবগুলো সরিয়ে নিয়ে সড়কটি সংস্কারের কার্যকর উদ্যোগ নেবে। জনদুর্ভোগ লাঘবে উক্ত এলাকার এই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।