সিরাজগঞ্জ প্রতিনিধি / : 16
সিরাজগঞ্জের তাড়াশে পুলিশি চেকপোস্ট এড়িয়ে পালানোর চেষ্টাকালে স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, একটি ধারালো চায়না চাকু এবং তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ঘটনাটি ঘটে গত রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার সংলগ্ন সড়কে। পুলিশ সূত্রে জানা যায়, চুরি ও ছিনতাই প্রতিরোধ এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। ঠিক সেই সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ওই চেকপোস্টের দিকে আসেন স্মৃতি ইসলাম হাওয়া। পুলিশ তাকে থামার সংকেত দিলেও তিনি তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ দ্রুত ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আটক নারীর দেহ ও ব্যাগ তল্লাশি করে দুই পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চায়না চাকু উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ ওই নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। আটক স্মৃতি ইসলাম হাওয়া সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে বলে জানা গেছে।