চীনের শেনঝেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের একপর্যায়ে পুতিনকে ‘আমার বন্ধু’ (মাই ফ্রেন্ড) বলে সম্বোধন করেন তিনি। আজ বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার এই সাক্ষাৎ হয়। দ্বিপক্ষীয় আলোচনার পর চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে নিয়ে তিন নেতার একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
পুতিনের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, বহু বছর ধরে তাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে এবং তারা একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন। এই বৈঠক থেকে অনেক ভালো কিছুর সূচনা বা গুরুত্বপূর্ণ অর্জন হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ভিডিওতে বৈঠকের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনকে করমর্দন করতে দেখা যায়, যেখানে পুতিনের কানে সংক্ষেপে কিছু বলেন ট্রাম্প। এ ছাড়া হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরেকটি ভিডিওতে পুতিনের দিকে ইঙ্গিত করে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’
এদিকে, আসন্ন তিন নেতার বৈঠকে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। বড় ধরনের হামলা আপাতত বন্ধ থাকলেও চলমান সংঘাতের অচলাবস্থা এখনো কাটেনি। বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, বৈঠকে বিশ্বশান্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিন নেতা বিস্তারিত মতবিনিময় করবেন।
ইরান যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে তেহরান অস্বীকৃতি জানাচ্ছে বলে জানা গেছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প নিজের প্রশাসনের কূটনৈতিক প্রভাব তুলে ধরতে এবং সংঘাত অবসানে রাশিয়া ও চীনের সহায়তা চাইতে পারেন। ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ইরানের তেল কিনে দেশটিকে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে চীন।
বিশ্লেষকদের মতে, বেইজিং চাইবে দ্রুত এই যুদ্ধের অবসান হোক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হোক, কারণ যুদ্ধের আগে চীনের অপরিশোধিত তেল সরবরাহের এক-তৃতীয়াংশের বেশি এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। অন্যদিকে, বৈশ্বিক জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শিথিলের ফলে রাশিয়াও সুবিধাজনক অবস্থানে রয়েছে।