ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর সক্রিয়তার আহ্বান প্রধানমন্ত্রীর খলিলুরের সঙ্গে পাঁচ দেশের দূতের বৈঠকে কী আলোচনা হলো? পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার বড় রদবদল ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন টিউলিপ সিদ্দিক ইতিহাসে প্রথমবার গণহত্যায় দোষী রাষ্ট্র মিয়ানমার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন নাকচ করলেন আলিয়া ভাট বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ৯৮ শতাংশ বই উপজেলায়, জোরেশোরে চলছে মাধ্যমিকের কাজ

গর্ভাবস্থায় হামে আক্রান্ত ১৩ নবজাতক, যুক্তরাষ্ট্রে নতুন উদ্বেগ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ সময় : ১:০৩ পিএম

যুক্তরাষ্ট্রে গর্ভাবস্থায় হামে আক্রান্ত নারীদের ১৩ জন নবজাতকের শরীরে জন্মের পরপরই সংক্রমণ শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১১২ জন গর্ভবতী নারী হামে আক্রান্ত হন এবং তাদের মধ্যে ১৩ শিশুর জন্মগত হামের সংক্রমণ পাওয়া গেছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। টিকাদানের ঘাটতি ও গর্ভাবস্থায় সংক্রমণের ঝুঁকি নিয়ে চিকিৎসকদের এই সতর্কবার্তা স্বাস্থ্য খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এভিডেন্স-এ প্রকাশিত প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, আক্রান্ত নারীদের ১১০ জনই হামের টিকা নেননি অথবা তাদের টিকা গ্রহণের তথ্য জানা যায়নি। আক্রান্ত নারীদের মধ্যে ২৬ জন প্রসবজনিত কারণ ছাড়া হাসপাতালে ভর্তি হন; তাদের মধ্যে ১১ জনের নিউমোনিয়া ও দুজনের শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা দেখা দেয় এবং একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হয়।


গবেষণায় দেখা গেছে, মায়ের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার ১৪ দিনের মধ্যে ২১টি গর্ভধারণের পরিণতি নথিভুক্ত করা হয়। এর মধ্যে দুটি গর্ভপাত ঘটে; বাকি ১৯টি শিশুর মধ্যে আটটি সময়ের আগে জন্ম নেয় এবং আটটিকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করতে হয়। জন্মের ১০ দিনের মধ্যে পরীক্ষা করা ১৬ শিশুর মধ্যে ১৩ জনের শরীরে পিসিআর পরীক্ষায় হামের উপস্থিতি পাওয়া যায়।


জন্মগত হাম বলতে মায়ের সংক্রমণের পর গর্ভে থাকা অবস্থায় শিশুর আক্রান্ত হওয়া এবং জন্মের পর নির্দিষ্ট সময়ের মধ্যে সংক্রমণের প্রমাণ পাওয়াকে বোঝায়। নবজাতকের জন্মের ১০ দিনের মধ্যে পিসিআর পরীক্ষায় হাম শনাক্ত হলে অথবা এ সময়ের মধ্যে জ্বর ও ফুসকুড়ি দেখা দিলে তাকে জন্মগত হাম হিসেবে বিবেচনা করা হয়, যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রে এখনো জাতীয় পর্যায়ে কোনো নির্দিষ্ট নজরদারি সংজ্ঞা চালু নেই।


বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় হাম আক্রান্ত হলে মায়ের নিউমোনিয়া, গর্ভপাত, মৃত সন্তান প্রসব, অপরিণত প্রসব ও কম ওজনের শিশুর জন্মের ঝুঁকি বাড়তে পারে। নবজাতকের ক্ষেত্রে জ্বর, ফুসকুড়ি, জন্ডিস, নিউমোনিয়া ও স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসক সাবিনে কাপাসি ও ঐশ্বরিয়া আর জানান, গর্ভফুলের মাধ্যমে মায়ের শরীর থেকে শিশুর মধ্যে সংক্রমণ ছড়াতে পারে।


গর্ভধারণের পরিকল্পনার আগে টিকার ইতিহাস ও রোগ প্রতিরোধক্ষমতা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সাবিনে কাপাসি বলেন, প্রয়োজন হলে গর্ভধারণের আগেই এমএমআর টিকা নেওয়া উচিত; এই টিকায় জীবিত কিন্তু দুর্বল করা ভাইরাস থাকায় গর্ভাবস্থায় এটি নেওয়ার পরামর্শ দেওয়া হয় না এবং টিকা নেওয়ার পর সাধারণত ২৮ দিন গর্ভধারণ এড়িয়ে চলতে বলা হয়।


গর্ভাবস্থায় হামে আক্রান্ত কারও সংস্পর্শে এলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সংক্রমণের ঝুঁকি ও সময় বিবেচনায় সাময়িক অ্যান্টিবডি সুরক্ষার জন্য ইমিউন গ্লোবুলিন (আইজি) দেওয়ার কথা বিবেচনা করতে পারেন চিকিৎসকেরা, তবে গর্ভাবস্থায় হাম থেকে সুরক্ষার জন্য এমএমআর টিকা নেওয়া উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, মায়ের সুরক্ষা নিশ্চিত করা মানে পরবর্তী প্রজন্মকেও সুরক্ষিত রাখা; তাই জটিলতা সামাল দেওয়ার চেয়ে টিকাদানের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করাই নিরাপদ।


সূত্র: নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এভিডেন্স


এ সম্পর্কিত আরো খবর