মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে বলে রায় পড়ার শুরুতে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শুধু তাই নয়, রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানোর তথ্যও তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতিসংঘের আওতাধীন এই আদালতের বিচারকরা বহুল আলোচিত মামলার রায় পাঠ শুরু করার পর থেকেই বিশ্বজুড়ে ন্যায়বিচার ও রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে তীব্র আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন পলায়নরত রোহিঙ্গাদের ওপরও হামলা চালানো হয়। তবে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যা কি না, বিচারকরা তা খতিয়ে দেখছেন।
জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস নেদারল্যান্ডসের দ্য হেগে বাংলাদেশ সময় বেলা ৩টায় বহুল প্রতীক্ষিত রায় পড়া শুরু করেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় দেওয়া হচ্ছে। গাম্বিয়ার অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে অন্তত ৭ লাখ ৩০ হাজার মুসলিম রোহিঙ্গাকে বিতাড়িত করা সামরিক অভিযানে সংঘটিত গণহত্যার রাষ্ট্রীয় দায় মিয়ানমারের। বেঁচে যাওয়া ব্যক্তিরা হত্যা, গণধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ বর্ণনা দিয়েছেন, আর জাতিসংঘের একটি ফ্যাক্টস ফাইন্ডিং মিশন ওই সামরিক অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আজ আইসিজের যুগান্তকারী রায়ের অপেক্ষায় রয়েছেন। এই রায় তাদের ন্যায়বিচারের কাছাকাছি নিয়ে যাবে এবং শেষ পর্যন্ত নিজ মাতৃভূমিতে ফেরার পথ তৈরি হবে বলে প্রত্যাশা করছেন তারা। সরাসরি সম্প্রচারিত হওয়া ১৫ বিচারপতির এই আদালতের রায় বাংলাদেশের পাশাপাশি অন্যান্য অনেক দেশের মানুষ গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
২০১৭ সালের দমন-পীড়ন থেকে শুরু করে জাতিসংঘের আদালতে মামলার অগ্রযাত্রায় একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ২০১৭ সালের ২৫ আগস্ট সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ফাঁড়ি এবং একটি সেনা ঘাঁটিতে হামলা চালায় এবং পরদিন ২৬ আগস্ট সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ তীব্র হলে হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন।
২ সেপ্টেম্বরের মধ্যে কয়েক সপ্তাহে রোহিঙ্গা-অধ্যুষিত এলাকায় ২ হাজার ৬০০টিরও বেশি ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়, ১১ সেপ্টেম্বর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার একে জাতিগত নিধনের পাঠ্যবইয়ের উদাহরণ হিসেবে অভিহিত করেন এবং ১৯ সেপ্টেম্বর তৎকালীন নেতা অং সান সু চি জবাবদিহির অঙ্গীকার করলেও জাতিগত নিধনের অভিযোগ নিয়ে কিছু জানাননি। এরপর ১২ ডিসেম্বর ডক্টরস উইদাউট বর্ডার্সের জরিপে ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গা নিহত হওয়ার কথা বলা হয়, যার মধ্যে পাঁচ বছরের কম বয়সী অন্তত ৭৩০টি শিশু ছিল। পরের বছর ১০ জানুয়ারি মিয়ানমার সেনাবাহিনী ইন দিন গ্রামে আটক ১০ রোহিঙ্গাকে হত্যার অভিযোগ স্বীকার করলেও ২০১৮ সালের এপ্রিলে সাত সৈন্যের সাজা পরের বছর মে মাসে আগাম জামিনে রূপ নেয়।
আইসিজেতে মামলাটি এগোয় ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়ার আবেদনের মধ্য দিয়ে, যা ইসলামি সহযোগিতা সংস্থার ৫৭টি সদস্যরাষ্ট্রের পক্ষে করা হয়। ২০২০ সালের জানুয়ারিতে আদালত গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমারকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের রুল দেন, ২০২৩ থেকে ২০২৪ সালে কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ হস্তক্ষেপের ঘোষণা দাখিল করে, ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশ্য শুনানি শেষে বিচার-বিশ্লেষণ শুরু হয় এবং ৩ নভেম্বর ১৯ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়।
সূত্র: এএফপি, বিবিসি।