বগুড়া প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত বৃক্ষের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন এবং সহিংসতার মাধ্যমে তারা নিজেরাই প্রকাশ করেছে যে তারা সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে। সরকারের অবস্থানের কথা তুলে ধরে তিনি জানান, সরকার এখনো সহনশীল আচরণ করছে, তবে এটিকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। দেশের মানুষকে নিরাপদ রাখতে যা যা প্রয়োজন সরকার তা করবে এবং সহিংসতা ও নাশকতায় জড়িতদের জায়গা কারাগারে হবে বলে তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া যাবে না এবং তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়, সহিংসতা চায় না বলেও তিনি মন্তব্য করেন।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, সেখানে ২টি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ৩ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ট্রাকে আগুন দিয়ে চালককেও হত্যা করা হয়েছে বলে তিনি জানান। তাঁর ভাষ্যমতে, এ ধরনের সহিংসতা করে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো যাবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে নেওয়া কর্মসূচির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ তুলে দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রত্যেকের বাড়িতে একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানান।
স্থানীয় উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মীর শাহে আলম জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রতি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মোকামতলাসহ নতুন ৩টি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ ডিসেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় আসবেন। ওইদিন মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সফরকালীন উন্নয়ন প্রকল্পের বিবরণ দিয়ে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর সফরে মোকামতলা থেকে দিনাজপুরের হিলি পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ফলক উন্মোচন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। এর পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করবেন বলে প্রতিমন্ত্রী জানান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম দিনে ৫ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও মগ তুলে দেওয়া হয় এবং আগামী রোববার (২২ নভেম্বর) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাকি ৫৭ হাজার চারা ও মগ বিতরণ করা হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।