বগুড়া প্রতিনিধি
বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এলাকাভিত্তিক ফসল উৎপাদনের লক্ষ্যে সারা দেশে জিওগ্রাফিক ম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার—এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটরিয়ামে ‘বাংলাদেশ উত্তম কৃষি চর্চা অনুসরণপূর্বক আলুর রপ্তানি বাজার সংযোগ স্থাপন ও ব্র্যান্ডিং’ শীর্ষক এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলুচাষি ও রপ্তানিকারকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করে এলাকাভিত্তিক ফসল উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কোন এলাকায় কোন ফসলের কতটুকু চাহিদা রয়েছে, তা নির্ধারণ করে সেই অনুযায়ী উৎপাদন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
কৃষকদের লোকসানের ঝুঁকি এড়ানোর ওপর জোর দিয়ে মীর শাহে আলম উল্লেখ করেন, কোনো মৌসুমে আলুর ভালো দাম পেলে পরের মৌসুমে অনেক কৃষক বেশি আলু উৎপাদনে ঝুঁকে পড়েন। এতে বাজারে সরবরাহ বেড়ে দাম কমে যায় এবং শেষ পর্যন্ত কৃষকেরাই লোকসানের মুখে পড়েন। তাই আবেগের বশবর্তী হয়ে নয়, বরং বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে হিসাব-নিকাশ করে পরিকল্পিতভাবে ফসল উৎপাদন করতে হবে।
বগুড়ার কৃষি সক্ষমতার তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী আরও জানান, এই অঞ্চল কৃষিতে উদ্বৃত্ত এবং কেবল শিবগঞ্জ উপজেলাতেই দেশ-বিদেশের চাহিদা মেটানোর পর প্রায় ৬ হাজার মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত থাকে। চাহিদার তুলনায় অতিরিক্ত ফসল উৎপাদন করতে গিয়ে কৃষকেরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য কৃষি বিভাগের সঙ্গে পরামর্শ করে পরিকল্পিতভাবে চাষাবাদ করার আহ্বান জানান তিনি।
বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আলুচাষিদের কাছে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চান প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী ও জিয়া পরিবারের সদস্যদের জন্যও দোয়া কামনা করেন তিনি।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনছারুজ্জামান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক এবং বগুড়া কৃষি অঞ্চলের উপপরিচালক শামসুদ্দিন ফিরোজসহ আরও অনেকে।