চলতি নভেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ধারাবাহিক এসব নাশকতামূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস এসব তথ্য তুলে ধরেন। বিবৃতিতে তিনি বলেন, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই দেশের নানা প্রান্তে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা দিয়ে হামলা চালানো হচ্ছে। হামলার সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে ড. ইউনূস জানান, এসব হামলার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত রয়েছেন। তাঁর দাবি, হামলার ধরন পর্যালোচনা করলে মনে হয়, অপরাধীদের প্রতিদিন এ ধরনের নাশকতা চালানোর জন্য ওপরের কোনো মহল থেকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে।
গ্রামীণ ব্যাংকের মালিকানা ও কার্যক্রমের প্রকৃত চিত্র তুলে ধরে ড. ইউনূস বলেন, ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই নারী। ব্যাংকের মোট শেয়ারের ৯০ শতাংশের মালিক এই ঋণগ্রহীতারাই এবং বাকি ১০ শতাংশের মালিকানা সরকারের। তাছাড়া ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। তিনি উল্লেখ করেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, পরিবারের ভরণপোষণ এবং সন্তানদের শিক্ষার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে এই প্রতিষ্ঠানের ওপর হামলা মানে লাখ লাখ দরিদ্র নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে নিজের বিরুদ্ধে ছড়ানো মালিকানা-সংক্রান্ত বিভ্রান্তিকর প্রচারণারও জবাব দেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট জানান, গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন এবং অতীতেও কখনো ছিলেন না। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির পরিচালনা বা ব্যবস্থাপনায় তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি আরও জানান, গ্রামীণ ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী, ঋণগ্রহীতা এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের সুরক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা জোরদারের আবেদন জানানো হয়েছে।
গ্রামীণ ব্যাংকের বাইরেও দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিসংযোগের চিত্র তুলে ধরেন ড. ইউনূস। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর পদক্ষেপ কামনা করেন।
বিবৃতির শেষাংশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা কেবল একটি অগ্রণী বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টার ওপর আঘাত। দেশ-বিদেশে গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংকটি রক্ষায় সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।