রাজধানী ঢাকার বাতাসের মান আজও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে এবং বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শহরটি। ২৩৩ বায়ুমান স্কোর নিয়ে ঢাকার বাতাস নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে, যা সাধারণ মানুষের শ্বাসপ্রশ্বাস ও স্বাস্থ্যঝুঁকিকে আরও বাড়িয়ে তুলছে। অন্যদিকে ৩৬৬ স্কোর নিয়ে শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে। আইকিউএয়ারের হিসাব অনুযায়ী, বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর মধ্যে লাহোর ও ঢাকার পাশাপাশি দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি শহর রয়েছে। তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ভারতের কলকাতা, যার বায়ুমান স্কোর ২২১। অন্যদিকে ২১৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি এবং পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের শহর করাচির বায়ুমান স্কোর ২২১।
আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘অনেক ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়, আর ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি প্রধান উপাদানের ওপর ভিত্তি করে। সেগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলা।
এদিকে বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য বলছে, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি ও মৃত্যুহার বেড়ে যাচ্ছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, বায়ুদূষণজনিত নানা জটিলতায় বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে।
সূত্র: আইকিউএয়ার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।