দেশের আটটি গুরুত্বপূর্ণ শহরে নিরাপদ, নির্ভরযোগ্য ও জলবায়ু-সহনশীল পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্ধনশীল নগর ও পৌর এলাকাগুলোতে সুপেয় পানি ও আধুনিক স্যানিটেশন সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
‘ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন’ শীর্ষক প্রকল্পটির আওতায় দেশের প্রধান অর্থনৈতিক প্রবৃদ্ধি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত পৌরসভা ও নগর এলাকায় সমন্বিত পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরের প্রায় ৯ লাখ মানুষ উপকৃত হবেন। প্রকল্পটি এডিবির সহায়তাপুষ্ট 'ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট' উদ্যোগ এবং উন্নত জনসেবা প্রদান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও টেকসই আঞ্চলিক উন্নয়নে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারমূলক নীতি বাস্তবায়নে সহায়তা করবে।
এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর জিংফেং ঝাং বলেন, 'জনস্বাস্থ্য, মানবিক মর্যাদা এবং একটি উৎপাদনশীল ও সহনশীল সমাজ গঠনের জন্য নির্ভরযোগ্য পানি ও স্যানিটেশন সেবা মৌলিক উপাদান। এই প্রকল্পে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণের পাশাপাশি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, ডিজিটাল ব্যবস্থা চালু এবং টেকসই সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বর্ধনশীল শহরগুলোতে উন্নত সেবা দিতে সাহায্য করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করবে।'
প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। এ ছাড়া স্মার্ট মিটারসহ ৬৫ হাজার আবাসিক সংযোগ স্থাপন ও সংস্কার করা হবে, যার মধ্যে অন্তত ১০ শতাংশ সংযোগ পাবে নিম্ন আয়ের জনগোষ্ঠী ও বস্তিবাসী। একই সঙ্গে সাতটি পানি শোধনাগার সংস্কার এবং তদারকি ব্যবস্থা উন্নত করতে ৭৮টি 'ডিস্ট্রিক্ট মিটার্ড এরিয়া' গড়ে তোলা হবে। এতে ২০২৬ সালে পানির অপচয় বা সিস্টেম লসের হার ৫০ শতাংশের বেশি থেকে কমে ২০৩২ সালে ২০ শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।
পানি উৎপাদন, বিতরণ, পানির মান, গ্রাহকসেবা এবং অবকাঠামো ব্যবস্থার ওপর সার্বক্ষণিক নজরদারির জন্য একটি ডিজিটাল পর্যবেক্ষণ ও সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা হবে। এ ছাড়া নিম্ন আয়ের এলাকায় ১ হাজার ২০০টি গৃহস্থালি ল্যাট্রিন এবং নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের উপযোগী চারটি পাবলিক স্যানিটেশন সুবিধা নির্মাণ করা হবে, যা স্থানীয় নারী বাসিন্দারাই পরিচালনা করবেন।
২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি সমাপ্ত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি, প্রাতিষ্ঠানিক ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা হবে এবং 'কুমিল্লা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ' (কুমিল্লা ওয়াসা) প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, ইউটিলিটি খাতের সুশাসন এবং টেকসই পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সহায়তার জন্য এডিবি আলাদাভাবে ১ মিলিয়ন ডলার কারিগরি সহায়তা দেবে। এই প্রকল্পে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ৪৬ মিলিয়ন ডলার অর্থায়ন করবে।