রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বাবার হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় আসা ডরিনকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করে। ডিবি সূত্র আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তবে তিনি বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি ঠিকানায় বসবাস করছিলেন।
প্রসঙ্গত, মুনতারিন ফেরদৌস ডরিন দেশব্যাপী আলোচনায় আসেন ২০২৪ সালের মে মাসে ভারতে চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে তাঁর বাবা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও পরবর্তীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনার পর। বাবার নিখোঁজ হওয়ার খবর সামনে আসার পর থেকেই তিনি বিভিন্ন সময় গণমাধ্যমের সামনে বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। পাশাপাশি বাবার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতেও বিভিন্ন কর্মসূচি ও বক্তব্যে সরব ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
এদিকে ডরিনকে ঠিক কোন মামলায় এবং দিনের কোন সময়ে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি ডিবি সূত্র। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।