মোঃ বাকি অনীক, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানিনিষ্কাশন সমস্যা সমাধানে সরেজমিনে মাঠে নেমেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু। শুক্রবার গোয়ালমথন এলাকা পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা শোনেন এবং পুকুরের রিটেইনিং ওয়াল, ড্রেন ও দুটি ঘাটলা নির্মাণের জরুরি নির্দেশনা দেন।
কুমিল্লা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের গোয়ালমথন এলাকায় জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরেজমিনে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু। পরিদর্শনকালে তিনি কালীমন্দির সংলগ্ন মনু মিয়ার পুকুরের সুরক্ষায় রিটেইনিং ওয়াল নির্মাণের নির্দেশ দেন।
পাশাপাশি এলাকার দীর্ঘদিনের পানিনিষ্কাশন সমস্যা ও জলাবদ্ধতা স্থায়ীভাবে সমাধানের জন্য ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ সময় ড্রেন নির্মাণের পথে থাকা জমি-সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের বিষয়েও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি। এছাড়া স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে জনসাধারণের ব্যবহারের সুবিধার্থে মনু মিয়ার পুকুরে দুটি ঘাটলা নির্মাণের নির্দেশ প্রদান করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু।
শুক্রবার প্রশাসক সরেজমিনে গোয়ালমথন এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশাসকের এই সরেজমিন পরিদর্শন ও তাৎক্ষণিক নির্দেশনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হলে এবং পুকুরের ঘাটলা ও রিটেইনিং ওয়াল নির্মিত হলে ২৬ নম্বর ওয়ার্ডের নাগরিক সুবিধা ও জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে আশা করছেন এলাকাবাসী।