ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,  ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম: তামিম ইকবাল হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালের আঘাত ৬৪ জেলায় চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতা নিরসন ও ঘাটলা নির্মাণে কুসিক প্রশাসকের নির্দেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় বিপ্লবী পরিষদের অবস্থান টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে এআই পরাশক্তি হতে বড় পরিকল্পনা নিয়েছে ইসরায়েল কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির দৌড়ঝাঁপ, জয়ের আশায় জামায়াত আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে: স্পিকার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

ফুলবাড়ীর কয়লাখনি নিয়ে নতুন শঙ্কা, চুক্তি বাস্তবায়নের দাবি


  • আপলোড সময় : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ সময় : ৬:৫২ পিএম

চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ফুলবাড়ীর কয়লাখনি নিয়ে দুই দশক আগে যে আন্দোলনে উত্তাল হয়েছিল দিনাজপুরের এই জনপদ, সেই খনি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় আন্দোলনকারী ও বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, ২০০৬ সালের গণঅভ্যুত্থানের পর স্বাক্ষরিত ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা।


দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি বিরোধী গণঅভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় স্বার্থ, বর্তমান পরিস্থিতি ও করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।


শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে স্থানীয় গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।


সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্তের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।


উন্মুক্ত কয়লাখনির ভয়াবহতা তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ড. অধ্যাপক তানজীম উদ্দিন খান, নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ, লেখক ও গবেষক প্রকৌশলী মাহবুব সুমন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক ও গবেষক ড. মাহা মির্জা।


এ ছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন মো. হামিদুল হক, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক জারজিস আহম্মেদ, আব্দুল কাইয়ুম আনসারী, এসএম নূরুজ্জামান জামান, সঞ্জিত প্রসাদ জিতু, শফিকুল ইসলাম শিকদার, কমল চক্রবর্তী, হিমেল মন্ডল ও আব্দুল মোত্তালেব পাপ্পু।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী কয়লাখনি বিরোধী গণঅভ্যুত্থানের পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মতিতে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের ছয় দফা সমঝোতা চুক্তি হয়। তৎকালীন সরকার চুক্তির আংশিক বাস্তবায়ন করেছিল। বর্তমান তারেক রহমানের সরকার চুক্তির পূর্ণ বাস্তবায়ন করবে, এমন প্রত্যাশা ছিল আন্দোলনকারীদের। কিন্তু তা না করে পুনরায় উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ীতে কয়লাখনি করার উদ্যোগের ঘোষণায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে।


তিনি বলেন, চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সরকারের দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে সরকার যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে জনগণেরও দায়িত্ব সরকারের উদ্যোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীর মানুষ শুধু নিজেদের এলাকা রক্ষা করেননি, তাঁরা গোটা দেশকে রক্ষা করেছেন।


অধ্যাপক আনু মুহাম্মদ আরও বলেন, এশিয়া এনার্জি বর্তমানে গ্লোবাল কোল ম্যানেজমেন্ট (জিসিএম) নামে ফুলবাড়ীর কয়লাখনিকে নিজেদের সম্পদ দাবি করে লন্ডনের শেয়ারবাজারে শেয়ার বিক্রি করছে এবং বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। তাঁর দাবি, এশিয়া এনার্জিকে বিচারের আওতায় এনে দেশ থেকে বহিষ্কার করতে হবে।


তিনি বলেন, মুনাফাখোরেরা ফুলবাড়ীর কয়লা আর মুনাফা ছাড়া অন্য কিছু দেখতে পায় না। এ কারণেই তারা আবারও কয়লাখনি নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র রুখতে আগের মতোই আন্দোলন, সংগ্রাম ও প্রতিরোধ অব্যাহত রাখতে হবে।


সভায় বক্তারা ফুলবাড়ীর মানুষের স্বার্থ রক্ষা, ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং উন্মুক্ত কয়লাখনি প্রকল্পের উদ্যোগ বন্ধের দাবি জানান।


এ সম্পর্কিত আরো খবর