রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশীয় তৈরি গুলিভর্তি দুটি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ শাওন হোসেন সাব্বির (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাওন হোসেন সাব্বির চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার শাহ-আলম মিয়ার ছেলে।
এসআরবি জানায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় দেশীয় তৈরি গুলিভর্তি পেনগান কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের মগবাজার সিপিসি-২ ও এসআরবি-৩-এর একটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ইসাক রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। সেখানে গুলিসহ দুটি দেশীয় তৈরি পেনগান উদ্ধার করা হয়। এ সময় শাওন হোসেন সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ কলমের আদলে তৈরি। দেখতে ছোট ও সাধারণ কলমের মতো হলেও এগুলো ছদ্মবেশী আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্রের ভেতরে ক্ষুদ্র ফায়ারিং ব্যবস্থা থাকে এবং স্বল্প দূরত্বে গুলি ছুড়তে সক্ষম।
অস্ত্রগুলো সাধারণ কলমের মতো দেখতে হওয়ায় সহজে শনাক্ত করা কঠিন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ধরনের অস্ত্রের অপব্যবহার জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন।
তিনি বলেন, শাওন হোসেন সাব্বিরের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। তাঁকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
অভিযান ও অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্ত্র কেনাবেচার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে বলে জানা গেছে।