সিরাজগঞ্জ প্রতিনিধি / : 140
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হোমিও
ঔষধের দোকান থেকে কেনা ‘স্পিরিট’ পান করে দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি আছেন
আরেকজন। বেলকুচি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, বুধবার সন্ধ্যায়
সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ
অ্যান্ড হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, উপজেলার দৌলতপুর বাশঁতলা
এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কসাই আবুল কালাম (৪৫) ও দৌলতপুর মতি মার্কেট এলাকার
মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যান চালক শাহ আলম (৪৩)। অসুস্থ অবস্থায় শহীদ এম মনসুর
আলী মেডিকেলে ভর্তি আছেন দৌলতপুর দক্ষিণপাড়ার সোহবার আলীর ছেলে ও দৌলতপুর পোস্ট অফিসের
পোস্ট মাস্টার আবু হানিফ (৩৫)।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল
বারিক বলেন, মঙ্গলবার রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু
ডাক্তারের হোমিও ঔষধের দোকান থেকে নেশা জাতীয় স্পিরিট কিনে কয়েকজন পান করেন। এরপর তারা
অসুস্থ হয়ে পড়লে তিনজনকেই সিরাজগঞ্জ সদর হাসপাতালে
ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় আবুল কালামের মৃত্যু হয়।
এরপর আশঙ্কাজনক অবস্থায় মনসুর আলী মেডিকেলে নেওয়ার পথে শাহ আলমের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে হোমিও ঔষধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছেন। নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আকাশজমিন/আরআর