উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 128
উত্তরাঞ্চল প্রতিনিধি:
‘যেখানে অধিকার বঞ্চনা সেখানেই হুল’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার রাজশাহী নগরীতে বর্নাঢ্য শোভাযাত্রা বের করে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রিয় কমিটি। শোভাযাত্রায় আদিবাসী সাঁওতাল নারীরাও অংশ নেন।
পরে নগরীর কুমারপাড়া এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি গনেস মারান্ডি ও সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়সহ সদস্যরা বক্তব্য রাখেন। তারা সাঁওতাল বিদ্রোহের মহান নেতা সিধু ও কানুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এখনো সাঁওতালরা তাদের অধিকার বঞ্চিত। আদিবাসী হিসেবে তাদের স্বীকৃতির দাবি দীর্ঘদিনের হলেও কোন সরকার তা বান্তবায়নে উদ্যোগি হয় নি। ধীর্ঘদিন ধরে সমতলের অদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের জোরালো দাবি জানানো হলেও এ দাবি আলোর মুখ দেখেনি। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ভূমির অধিকার নেই। প্রতিনিয়ত হুমকি-ধামকি মোকাবেলা করে টিকে থাকতে হচ্ছে। তারা অবিলম্বে পৃথক ভূমি কমিশন গঠনের জোরালো দাবি জানান।
এদিকে বরেন্দ্র অঞ্চলের সাঁওতালদের নিয়ে গঠিত রক্ষাগোলা গ্রামসমাজ সংগঠনের উদ্যেগে জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাটে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও’র সহযোগীতায় রক্ষাগোলা সমন্বয় কমিটি ও গ্রাম সংগঠন সমূহের আয়োজনে দিবসটি পালন করা হয়। নৃ-তাত্ত্বিক জনগণের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাঁওতাল নেতা সিধূ-কানুকে স্মরণ ও পথসভার মাধ্যমে ঐতিহাসিক সাওতাল হুল দিবস পালিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। প্রধান আলোচক ছিলেন সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার। আলোচনা সভায় বক্তব্য রাখেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা সুমিতা হাঁসদা, মলিন মার্ডী, বাপ্পি মার্ডী, মুকুল সরেন, রঞ্জিত রায়।
এর আগে সিসিবিভিও শাখা কার্যালয় থেকে কাকনহাট বাজার প্রদক্ষিণ করে পৌরসভা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।