নাটোর প্রতিনিধি
সাবেক মন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দিল্লি নয় পিণ্ডি নয়, সবার আগে আমার বাংলাদেশ। আমরা চাই, বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র। শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস'র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তারেক রহমানে সাথে ডা. ইউনুসের বৈঠক কিছু রাজনৈতিক দল মেনে নিতে পারছেন না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ১৫ বছর এই দেশ দিল্লী শাসন করেছে। তাদের কথায় দেশে ফ্যাসিবাদরা চালিয়েছে। দেশের মানুষ তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষ সুষ্ঠু ভোটের জন্য এত বছর অপেক্ষা করেছে। তাই ফেব্রুয়ারি মাসে নয় তার আগেই নির্বাচন হওয়া প্রয়োজন। সেজন্য সরকারের কাছে আহ্বান দ্রুত সময়ে নির্বাচনের ব্যবস্থা করেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সাড়ে ১৫ বছর দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে। আমরা চাই বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র। সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান, দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করা। সবার আগে আমাদের বাংলাদেশ। দিল্লি নয় পিণ্ডি নয় এদেশ আমার বাংলাদেশ।
দুলু আরও বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। বাংলাদেশের অপসংস্কৃতির বিরুদ্ধে দেশের সংস্কৃতি চালু করতে হবে। গত ১৫ বছর এ সংস্কৃতির নাম দিয়ে কিছু সংস্কৃতি ব্যক্তিরা বাইরের সংস্কৃতি দেশে প্রচার করে আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করেছে। সেজন্য দেশের শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
কর্মী সম্মেলন বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন, কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্র নায়ক হেলাল খান, জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নাটোর জেলা জাসাসের প্রস্তাবিত সভাপতি মেহেদি হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক বাউল আব্দুল খালেকসহ নেতারা উপস্থিত ছিলেন।