ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নেত্রকোনায় স্কুলছাত্রী অপহরণ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ জুলাই, ২০২৫ সময় : ৫:৪৪ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণে জড়িত যুবক হৃদয় খান ও তার তিন সহযোগীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ননীগোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এলাকাবাসীর ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন।

জানা গেছে, অপহরণের শিকার স্কুলছাত্রীর বাবা একজন সিএনজি চালক। চিরাম ইউনিয়নের জয়পতাক গ্রামের নয়ন মিয়ার ছেলে হৃদয় খান প্রায়সময় তার মেয়েকে উদ্দেশ্য করে তার (ছাত্রীর বাবার) মোবাইল ফোনের মেসেঞ্জার ও ইমোতে কুরুচিপূর্ণ ছবি এবং ক্ষুদেবার্তা পাঠাতো। কথাও বলতে চাইতো। এ কারণে তিনি হৃদয়কে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় তাকে ও তার মেয়েকে দেখে নেয়ার হুমকি দেয়।

গত রবিবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে ওৎ পেতে থাকা হৃদয় ও তার তিন সহযোগী গলায় ও মুখে গামছা পেঁচিয়ে তাকে অপহরণ করে। ভোর চারটার দিকে ওই ছাত্রী তার দাদার মোবাইলে কৌশলে কল করে তার অবস্থান জানায়। পরে পরিবারের লোকজন গিয়ে গেরিয়া গ্রামের একটি কালভার্টের ওপর থেকে তাকে উদ্ধার করে। ভূক্তভোগী ছাত্রীর বাবা এ ব্যাপারে বারহাট্টা থানায় হৃদয় খান ও অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামী করে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। কিন্তু বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কোনো আসামী গ্রেপ্তার হয়নি। বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। #

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর