নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় ট্রাকচাপায় রাবেয়া খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া আতাইকুলা আদর্শ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় খেজুরতলা মসজিদের ইমাম হাফেজ রাজু আহমেদের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাবেয়া তার বাবার কাছ থেকে আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় নাটোর থেকে বগুড়াগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। তবে চালক পালিয়ে যায়।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালককে আটকের জন্য অভিযান চলছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছন, খেজুরতলা বাজার এলাকায় যানবাহনের বেপরোয়া গতি ও অব্যবস্থাপনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।তারা দ্রুত গতিনিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আকাশজমিন/আরআর