সিরাজগঞ্জ প্রতিনিধি / : 193
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) এর দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও জনসংযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টা দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে মৌন মিছিল শুরু হয়ে ঢাকা-পাবনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা তাদের
দাবির প্রতি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শাহজাদপুর বাজার, বিসিক বাসস্ট্যান্ড, বাঘাবাড়ি বন্দর ও দিলরুবা বাসস্ট্যান্ড
এলাকায় জনসংযোগ করেন। এছাড়াও সাড়ে ১১টার দিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে
ঢাকা-পাবনা মহাসড়কে সংক্ষিপ্ত অবরোধ কর্মসূচি পালন করেন।
বুধবার সন্ধ্যায় মশাল মিছিলও করেছেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এ অবস্থায় দাবি পূরণ না হওয়ায় গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্যদিয়ে লাগাতার নানা আন্দোলন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
আকাশজমিন/আরআর