সাতক্ষীরা প্রতিনিধি
জলবায়ু
পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় যথাযথ পানি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে সাতক্ষীরা পাবলিক
লাইব্রেরীতে “যথাযথ পানি ব্যবস্থাপনা জলবায়ু সংকট মোকাবেলার হাতিয়ার”
শীর্ষক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্বদেশ আয়োজিত এ অনুষ্ঠানে
বক্তারা উপকূলীয় অঞ্চলের পানি সংকট এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে বিশদ আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে এবং স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্তের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শরিফুল ইসলাম, অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাবেক কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, সাতক্ষীরা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন,
মিজানুর
রহমান, গোলাম সরোয়ার, আমিনা বিলকিস ময়না, জুলফিকার রায়হান, ভূমিহীন নেতা আব্দুস
সামাদ, সাকিবুর রহমান বাবলা এবং ক্রিসেন্টের পরিচালক আব্দুল হাই সিদ্দিকী, সুশীলদের
সহকারী পরিচালক মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা
বলেন, সাতক্ষীরায় পানির সংকট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ভূগর্ভস্থ পানির অপরিকল্পিত
ও অতিরিক্ত ব্যবহার পরিস্থিতিকে জটিল করে তুলছে। উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিদিন সুপেয়
পানির অভাবে চরম দুর্ভোগে পড়ছে। খালি কলস নিয়ে মিছিল এখন তাদের জীবনের করুণ চিত্র।
তারা আরও বলেন, তালা উপজেলার বহু নলকূপে আর্সেনিকের উচ্চ মাত্রা পাওয়া যাচ্ছে, যা পানযোগ্য
নয়। অন্যদিকে শহরে জলাবদ্ধতা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বক্তাদের মতে, সুপেয়
পানি নাগরিকের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
বক্তারা
সমাধানের পথ হিসেবে বলেন, কুয়া খনন, বৃষ্টির পানি সংরক্ষণ এবং ঐতিহ্যবাহী পানি ব্যবস্থাপনা
পদ্ধতির ব্যবহার বাড়াতে হবে। ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো এখন জরুরি।
তারা জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী হয়েও বাংলাদেশ সবচেয়ে
বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ ন্যায্য ক্ষতিপূরণ পাওয়া যাচ্ছে না।
আলোচনা
সভার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনসাধারণ, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পানি
সংকটের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং এর টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নিতে উৎসাহিত
করা।
আকাশজমিন/আরআর