রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, সকালবেলা বাসটি সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি হাতের ইশারায় বাস থামাতে বলেন। বাস থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। একইসঙ্গে যাত্রীদেরও নামিয়ে দেওয়া হয়। এরপর দুর্বৃত্তরা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পুলিশের ধারণা, আলিফ পরিবহনের কিছু কর্মী সম্প্রতি ছাঁটাই হন। এতে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া স্টাফদের একটি অংশ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পরিবহন শ্রমিকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এ ঘটনা ঘটেছে। তবে আরও বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত চালানো হচ্ছে।” ঘটনাস্থলে গুলি ছোঁড়া হয়েছিল কি না জানতে চাইলে ওসি বলেন, “প্রাথমিকভাবে এমন অভিযোগ উঠেছিল, কিন্তু তদন্তে গুলির কোনো সত্যতা পাওয়া যায়নি।” এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
আকাশজমিন /আরআর