অনলাইন
রিপোর্টার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শেষ হওয়ার পর শিগগিরই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ করে প্রতিবেদন প্রকাশ করবে। এতে কারও প্রতি অন্যায় না হয়, তা নিশ্চিত করা হবে।”
তিনি আরও জানান, তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কাজে সহযোগিতা করতে বাংলাদেশে এসেছিল। তারা ইতোমধ্যে নিজ দেশে ফিরে গেছেন। “আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই তাদের প্রতিবেদন পাওয়ার আশা করছি,” বলেন বাণিজ্য উপদেষ্টা।
শেখ বশিরউদ্দীন আরও বলেন, “টার্কিশ বিশেষজ্ঞ দলের প্রতিবেদন আমাদের জন্য সহায়ক হবে, তবে মূল প্রতিবেদন হবে আমাদের নিজস্ব তদন্ত টিমের। সরকারের পক্ষ থেকে সবদিক যাচাই করে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।”
অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরের কার্গো ভিলেজে সাময়িকভাবে পণ্য খালাস ও রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে। তবে এখন বিকল্প উপায়ে পণ্য খালাস চলছে বলে জানান তিনি। “বিকল্প ব্যবস্থায় বর্তমানে আমদানি পণ্য খালাস করা হচ্ছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে,” বলেন বাণিজ্য উপদেষ্টা।
প্রসঙ্গত, সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল পরিমাণ আমদানি–রপ্তানি পণ্য পুড়ে যায়। এতে ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষতি হয় শতকোটি টাকারও বেশি। ঘটনাটির কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়।
আকাশজমিন / আরআর