ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বিপিএল ১২তম আসরের নিলাম আজ


  • আপলোড সময় : রবিবার ৩০ নভেম্বর, ২০২৫ সময় : ৫:১৫ পিএম

ক্রীড়া ডেস্ক 

বিপিএলের ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে আজ রাজধানীর একটি হোটেলে। এই নিলামে অংশ নেবে ৬টি ফ্র্যাঞ্চাইজি—ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস। স্থানীয় ও বিদেশি খেলোয়াড় মিলিয়ে প্রায় ৪১৫ জন নিলামে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে স্থানীয় খেলোয়াড় ১৫৮ জন, বিদেশি ২৫৭ জন।

নিলামের আগে প্রতিটি দলকে দুজন বাংলাদেশি (এ ও বি ক্যাটাগরি) খেলোয়াড় এবং কমপক্ষে এক থেকে দুজন বিদেশি খেলোয়াড় সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ৬টি ফ্র্যাঞ্চাইজিই দুজন করে স্থানীয় খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে। বিদেশি খেলোয়াড় দুজন করে নিয়েছে পাঁচটি দল, একটি দল নিয়েছে একজন। অর্থাৎ, নিলামের আগে মোট ২৩ জন ক্রিকেটার নাম লিখিয়ে ফেলেছেন।

নিলামে প্রতিটি দলকে কমপক্ষে ১২ জন স্থানীয় ক্রিকেটার কিনতে হবে। সর্বোচ্চ ১৪ জন কেনা যাবে। স্থানীয় খেলোয়াড়দের ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতি ক্যাটাগরির জন্য ন্যূনতম সংখ্যা নির্ধারিত আছে। উদাহরণস্বরূপ, ‘এ’ ও ‘বি’ মিলিয়ে কমপক্ষে দুজন, ‘সি’ ও ‘ডি’ মিলিয়ে কমপক্ষে ৬ জন এবং ‘ই’ ও ‘এফ’ মিলিয়ে কমপক্ষে ৪ জন খেলোয়াড় নিলামে কিনতে হবে।

বিদেশি ক্রিকেটারদের জন্যও ন্যূনতম নিয়োগ রয়েছে। প্রতিটি দল নিলাম থেকে কমপক্ষে দুজন বিদেশি ক্রিকেটার নিবে। তবে বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবির অনুমোদন অনুযায়ী আরও বেশি খেলোয়াড় নিবন্ধন করা সম্ভব। এক ম্যাচে সর্বোচ্চ চারজন বিদেশি খেলতে পারবেন।

স্থানীয় খেলোয়াড়দের দাম বিভিন্ন ক্যাটাগরিতে নির্ধারিত। ‘এ’ ক্যাটাগরির সর্বোচ্চ ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা, প্রতি ডাকে ৫ লাখ টাকা বাড়বে। ‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ লাখ, প্রতি ডাকে ৩ লাখ টাকা বৃদ্ধি পাবে। ‘সি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ২২ লাখ, প্রতি ডাকে ১ লাখ টাকা বৃদ্ধি। ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য প্রতি ডাকে মূল্য বাড়বে ৫০ হাজার টাকা।

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার, প্রতি ডাকে ৫ হাজার ডলার বাড়বে। ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য ভিত্তিমূল্য ২৫ হাজার ডলার, প্রতি ডাকে ৩ হাজার ডলার বৃদ্ধি।

দলগুলো স্থানীয় খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা খরচ করতে পারবে। সরাসরি চুক্তিতে নেওয়া খেলোয়াড়দের খরচ এর বাইরে থাকবে। বিদেশি খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ সাড়ে তিন লাখ মার্কিন ডলার খরচ করা যাবে। নিলামের আগে চুক্তি করা খেলোয়াড়দের পারিশ্রমিক প্রকাশ করতে হবে, বাকিটা নিলামে ব্যয় হবে।

নিলামের আগে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়রা হলেন তাসকিন আহমেদ ও সাইফ হাসান; বিদেশি খেলোয়াড় অ্যালেক্স হেলস ও উসমান খান। সিলেট টাইটানসের মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ; বিদেশি মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব। রংপুর রাইডার্সের মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান; বিদেশি খাজা নাফে ও সুফিয়ান মুকিম। নোয়াখালী এক্সপ্রেসের হাসান মাহমুদ ও সৌম্য সরকার; বিদেশি জনসন চার্লস ও কুশল মেন্ডিস। রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন ও তানজিদ হাসান; বিদেশি সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নেওয়াজ। চট্টগ্রাম রয়্যালসের মেহেদী হাসান ও তানভীর ইসলাম; বিদেশি আবরার আহমেদ।

নিলামে চোখ থাকবে শীর্ষস্থানীয় ক্রিকেটারদের ওপর। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ‘এ’ ক্যাটাগরিতে আছেন। বাঁহাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমও রয়েছে। অভিজ্ঞ মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, এশিয়া কাপ রাইজিং স্টারসের রিপন মণ্ডল ও হাবিবুর রহমানও দলের আগ্রহের কেন্দ্রবিন্দু হতে পারেন।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২২ সদস্যের দল রাখতে পারবে, যার মধ্যে কোচ ও কর্মকর্তার সংখ্যা সর্বোচ্চ ১২ জন।

নিলাম সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও বিসিবির ইউটিউব চ্যানেলে। অর্থ প্রদানের তিনটি কিস্তি—চুক্তি স্বাক্ষরের সময় ২৫%, লিগের শেষের আগে ৫০%, এবং টুর্নামেন্ট শেষে ৩০ দিনের মধ্যে বাকি ২৫%।

নিলামের চূড়ান্ত দল তালিকা ২৪ ঘণ্টার মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে জমা দিতে হবে। চুক্তি বিসিবির ত্রিপক্ষীয় চুক্তিপত্রে হবে। নিয়ম লঙ্ঘন বা অনিয়ম করলে বিড বাতিল, অর্থদণ্ড বা ফ্র্যাঞ্চাইজি স্থগিত করা হবে।

২০২৬ সালে ১৩তম আসরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক দুই স্থানীয় ও দুই বিদেশি খেলোয়াড় ধরে রাখতে পারবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর