গাজীপুরের টঙ্গীর হিমারদীঘি এলাকায় হক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় কম্প্রেসরের বাতাস পায়ুপথে ঢুকিয়ে গোলাম রাব্বি (১৮) নামে এক শ্রমিককে হত্যার অভিযোগে তার সহকর্মী রবিন মিয়া (১৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে ঘটনার পর রবিবার (৩০ নভেম্বর) পুলিশ রবিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। নিহত রাব্বির বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার কমলা গ্রামে এবং গ্রেপ্তার রবিন নেত্রকোনার কলমাকান্দা থানার গয়পুর গ্রামের বাসিন্দা।
কারখানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রাব্বি অন্যান্য শ্রমিকদের সঙ্গে শ্রম দিচ্ছিলেন। তার শরীরে আটা ও চিনি লেগে থাকায় সহকর্মীরা কম্প্রেসর মেশিন দিয়ে শরীর পরিষ্কার করার চেষ্টা করছিলেন। এ সময় রবিন হঠাৎ কম্প্রেসরের পাইপ রাব্বির পায়ুপথে প্রবেশ করিয়ে জোরে বাতাস ঢুকিয়ে দেন। এতে রাব্বি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। সহকর্মীরা দ্রুত তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার দ্রুত অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মারা যায়।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইশান বলেন, কয়েকজন শ্রমিক ময়দা ও চিনির বস্তা খুলছিলেন। রাব্বির গায়ে ময়লা থাকায় তাকে কম্প্রেসর মেশিন দিয়ে পরিষ্কার করা হচ্ছিল। তখনই রবিন কম্প্রেসরের পাইপ ব্যবহার করে রাব্বির পায়ুপথে বাতাস ঢুকিয়ে গুরুতর আহত করে। পরে শ্রমিকেরা রবিনকে আটক করে পুলিশের কাছে দেন।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, নিহতের বাবা মামুন মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার রবিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।