নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় লাখো মানুষের অংশগ্রহণে বিশাল কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১ ডিসেম্বর সোমবার উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভুলতা পাড়াগাঁও ঈদগাহ মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছিরউদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, মজিবুর রহমান, আনোয়ার সাদাত সায়েম, নূরুন্নবী ভুঁইয়া, আশরাফুল হক রিপন এবং এডভোকেট গোলজার হোসেন।
সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের প্রিয় নেত্রী এবং তিনি শুধু বিএনপিরই নয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অঙ্গ এবং গণমানুষের নেত্রী। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশগ্রহণকারীরা আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। দেশনেত্রীর জন্য সবাই একযোগে দোয়া করে যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারো জনগণের মাঝে ফিরে আসেন।
রূপগঞ্জ উপজেলা বিএনপি এই ধরনের দোয়া ও মিলাদ মাহফিল ধারাবাহিকভাবে আয়োজন করে আসছে। তারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য উন্নতির জন্য সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
আকাশজমিন / আরআর