নড়াইল প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের আলকুবা হিফজুল কুরআন একাডেমির শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া আয়োজন করে সংগঠনটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম রানার সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাফায়াত উল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব শাহারুল আলম। দোয়া পরিচালনা করেন আলকুবা হিফজুল কুরআন একাডেমির প্রধান শিক্ষক হাফেজ ওসমান গনি। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার নুরানি শিক্ষক হাফেজ রাহাতুল ইসলাম ও হাফেজ মঈন উদ্দিন।
বক্তব্যে মোঃ শাফায়াত উল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অভিযোগ করেন যে “স্বৈরাচারী শেখ হাসিনার আমলে কারাগারে নিয়ে পরোক্ষ নির্যাতনের ফলে” আজ বেগম খালেদা জিয়ার এই শারীরিক দুরবস্থা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, দেশের স্বার্থে বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।
মোঃ শাফায়াত উল্লাহ জানান, দেশের রাজনৈতিক অনিশ্চয়তার সময় বেগম খালেদা জিয়া এখনো জাতির কাছে আশা ও আস্থার প্রতীক। দেশের পরিস্থিতির উন্নতির জন্য তার সুস্থ থাকা জরুরি।
অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সদস্য সচিব শাহারুল আলম বলেন, বর্তমান পরিস্থিতিতে সমাজ ও দেশের তরুণদের দায়িত্ব হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।
দোয়া মাহফিলের বিষয়ে নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মিনহাজুল ইসলাম বলেন, “নতুন কমিটি গঠনের পর এটিই আমাদের প্রথম কর্মসূচি, এবং আমরা দেশনেত্রীর সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছি।” তিনি আরও বলেন, “দেশের এই অনিশ্চয়তায় বেগম জিয়া গোটা জাতির আস্থার প্রতীক। আল্লাহ যেন তাকে আরও কিছুদিন জাতির মাঝে জীবিত রাখেন—এটাই আমাদের কামনা।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একজন প্রবীণ নেত্রীর সুস্থতা শুধু তার দলের নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, মানবিক ভিত্তিতে সবাইকে তার সুস্থতার জন্য প্রার্থনায় এগিয়ে আসা উচিত।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।