দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে।
২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৯১ জনের মৃত্যু হয়েছে। এ বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৭ জনে।
নভেম্বর মাস ডেঙ্গু রোগে সবচেয়ে বেশি মৃত্যুর মাস হিসেবে রেকর্ড করা হয়েছে। এই মাসে ১০৪ জন ডেঙ্গুতে মারা গেছেন। এর আগে অক্টোবর মাসে ৮০ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়েছিল।
বাকী মাসগুলোর মৃত্যুর সংখ্যা যথাক্রমে: আগস্টে ৩৯, জুলাইয়ে ৪১, জুনে ১৯, মে মাসে ৩, এপ্রিল মাসে ৭, ফেব্রুয়ারি ৩, জানুয়ারি ১০ এবং মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি।
অন্যদিকে, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মাসিক হিসাবেও উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিল ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী ভর্তি হন। জুনে এ সংখ্যা বেড়ে ৫ হাজার ৯৫১, আগস্টে ১০ হাজার ৪৯৬, সেপ্টেম্বর মাসে ১৫ হাজার ৮৬৬, অক্টোবর মাসে ২২ হাজার ৫২০ এবং নভেম্বর মাসে সর্বোচ্চ ২৪ হাজার ৫৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জনসাধারণকে সচেতনতা বাড়াতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলা জরুরি। পাশাপাশি আবর্জনা ও জল জমে থাকা ঠেকানোর ওপর জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরও নিয়মিত বিশেষ সচেতনতা কর্মসূচি পরিচালনা করছে এবং রোগের প্রাদুর্ভাব কমানোর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করছে।
তবে, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া গেলে আগামী মাসগুলোতে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আকাশজমিন / আরআর