আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের কমিশনাররা বৈঠকে উপস্থিত থেকে নির্বাচনের অগ্রগতি তুলে ধরেন। উপস্থিত কমিশনারদের মধ্যে ছিলেন আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও উপস্থিত ছিলেন।
সিইসি নাসির উদ্দিন বৈঠকে জানান, নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সঠিকভাবে এগোচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। তিনি প্রধান উপদেষ্টাকে নির্বাচন পরিচালনায় সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, “এরইমধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে।”
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার।” তিনি আরও বলেন, “জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে ইসি চালকের আসনে আছেন। আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।”
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ একটি সুন্দর নির্বাচন দিতে। ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার জন্য এগিয়ে চলছে সরকার।
নির্বাচন কমিশন ও সরকারের যৌথ উদ্যোগে নির্বাচন প্রক্রিয়া সুসংহত ও নিরাপদ করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে নির্বাচনী তফসিল, ভোটকেন্দ্র স্থাপন, ভোটার তালিকা যাচাই এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।